ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠকে যোগ দিতে তিনি মন্ত্রণালয়ে যান।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, নয়াদিল্লি, কলকাতাসহ ভারতের বিভিন্ন শহরে অবস্থিত বাংলাদেশের মিশনগুলোর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সাম্প্রতিক উদ্বেগের প্রেক্ষাপটে ভারতীয় হাইকমিশনারকে তলব করা হয়। বৈঠকে ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশের কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হয় এবং নিরাপত্তা জোরদারের আহ্বান জানানো হয়। এ সময় ঢাকায় নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পাওয়ান বান্ধেও উপস্থিত ছিলেন।

গত ১০ দিনের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হলো। অন্তর্বর্তী সরকারের সময়ে বিভিন্ন ঘটনায় প্রতিবেশী দেশটির রাষ্ট্রদূতকে অন্তত ছয়বার তলব করা হয়েছে।

এর আগে ১৪ ডিসেম্বর প্রণয় ভার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। সে সময় এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীরা যেন ভারতে পালিয়ে যেতে না পারে, সে বিষয়ে ভারতের সহযোগিতা চাওয়া হয়েছে। কেউ ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করলে তাদের তাৎক্ষণিক গ্রেপ্তার ও বাংলাদেশে প্রত্যর্পণের অনুরোধও জানানো হয়। একই সঙ্গে নয়াদিল্লিতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অব্যাহত উসকানিমূলক বক্তব্য নিয়ে অন্তর্বর্তী সরকারের উদ্বেগের কথাও ভারতীয় হাইকমিশনারকে অবহিত করা হয়।

এর পাল্টা প্রতিক্রিয়ায় ১৭ ডিসেম্বর নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়।

ঢাকা ও নয়াদিল্লিতে দুই দেশের হাইকমিশনারদের পাল্টাপাল্টি তলবের ঘটনায় দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই উত্তেজনার মধ্যেই গত শনিবার রাতে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ হয়।

এদিকে মঙ্গলবার নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং মুম্বাইয়ে বাংলাদেশ উপহাইকমিশনের সামনে বিক্ষোভের ডাক দিয়েছে হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। এমন পরিস্থিতিতে ঢাকা-দিল্লি সম্পর্ক নতুন সংকটের মুখে পড়ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

All Categories