ভারতের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচ খেলবে পাকিস্তান
রয়টার্স: টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের বহুল আলোচিত ম্যাচটি শেষ পর্যন্ত নির্ধারিত সূচিতেই অনুষ্ঠিত হচ্ছে। শ্রীলঙ্কায় রবিবার অনুষ্ঠেয় এই ম্যাচ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা কাটিয়ে বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে পাকিস্তান সরকার।
তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি), পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যে কয়েক দিনের আলোচনা ও দেনদরবারের পর সোমবার সন্ধ্যায় পাকিস্তান সরকার দলকে মাঠে নামার নির্দেশ দেয়।পাকিস্তান সরকারের বিবৃতিতে বলা হয়, ‘ক্রিকেটের চেতনাকে সমুন্নত রাখা এবং বিশ্বব্যাপী এই খেলাটির ধারাবাহিকতা রক্ষার স্বার্থেই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।
গত সপ্তাহে ইসলামাবাদ সরকার পাকিস্তান দলকে ভারতের বিপক্ষে মাঠে না নামার পরামর্শ দেয়। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছিলেন, বাংলাদেশকে ‘সমর্থন’ জানাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বাংলাদেশ তাদের ম্যাচগুলো ভারত থেকে অন্য দেশে সরানোর অনুরোধ জানালেও তা প্রত্যাখ্যাত হওয়ায় তারা টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ায়।
বিশেষজ্ঞদের মতে, ভারত-পাকিস্তান ম্যাচ না হলে বৈশ্বিক ক্রিকেটে বড় ধরনের আর্থিক ও কাঠামোগত সংকট তৈরি হতে পারত।আইসিসির বর্তমান সম্প্রচার স্বত্ব ও ভবিষ্যৎ চুক্তি নিয়েও জটিলতা দেখা দেওয়ার আশঙ্কা ছিল। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতো ছোট ও উদীয়মান ক্রিকেট দেশগুলো, যারা আইসিসির রাজস্ব বণ্টনের ওপর নির্ভরশীল।
আইসিসি এক বিবৃতিতে জানায়, পিসিবির সঙ্গে গঠনমূলক আলোচনার মাধ্যমে একটি সমাধানে পৌঁছানো সম্ভব হয়েছে। সংস্থাটি আরো জানায়, টুর্নামেন্ট বয়কট করায় বাংলাদেশকে কোনো ধরনের শাস্তি দেওয়া হবে না।পাশাপাশি ২০২৮ থেকে ২০৩১ বিশ্বকাপ শুরুর আগের মধ্যে বাংলাদেশ একটি আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ পাবে।
এর আগে সোমবারই বিসিবি পাকিস্তানকে ম্যাচটি খেলতে অনুরোধ জানায়। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বলেন, ‘পুরো ক্রিকেট ব্যবস্থার স্বার্থে ম্যাচটি হওয়া জরুরি। এই সময়ে বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য পাকিস্তানের প্রতি আমরা কৃতজ্ঞ।’
শ্রীলঙ্কাও পাকিস্তানকে ম্যাচ খেলতে অনুরোধ জানায়।ম্যাচটি হলে টিকিট বিক্রি ও দর্শক আগমনে আয়বান্ধব সুফল পাবে স্বাগতিক দেশটি।রাজনৈতিক টানাপোড়েনের কারণে আগেই সিদ্ধান্ত হয়েছিল, আইসিসি ইভেন্টে ভারত ও পাকিস্তান মুখোমুখি হলে তারা নিরপেক্ষ ভেন্যুতে খেলবে। সে অনুযায়ী পাকিস্তানের সব ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনের সূচি নির্ধারিত।
উল্লেখ্য, ২০২৫ সালের এপ্রিলে কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে চার দিনের সামরিক উত্তেজনা দেখা দেয়। এর আগেও ভারত পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে অস্বীকৃতি জানালে তাদের ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়া হয়েছিল।
বিশ্বকাপে দুই দলই নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে। পাকিস্তান মঙ্গলবার কলম্বোয় যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে। অন্যদিকে ভারত বৃহস্পতিবার দিল্লিতে নামিবিয়ার মুখোমুখি হবে।