ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ দেখে নিন
এশিয়া কাপে আজ শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে থাকা ভারতকে হারাতে হলে নিজেদের সেরা ক্রিকেটটাই খেলতে হবে টাইগারদের। ম্যাচকে ঘিরে সমর্থকদের মধ্যে দারুণ কৌতূহল রয়েছে কেমন হবে বাংলাদেশের একাদশ?
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স জানিয়েছেন, তাদের লক্ষ্য শিরোপা জয়। তবে তার আগে ফাইনালে যেতে হলে কঠিন বাধা পেরোতে হবে ভারত ও পাকিস্তানের বিপক্ষে। অন্তত একটি জয় জরুরি বাংলাদেশের জন্য।
ভারতের বিপক্ষে এশিয়া কাপে বাংলাদেশের রেকর্ড হতাশাজনক। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে দুই দল মুখোমুখি হয়েছে ১৫ বার। এর মধ্যে মাত্র দুটি ম্যাচ জিতেছে বাংলাদেশ, হেরেছে ১৩টিতেই। ২০১৬ সালের টি-টোয়েন্টি এশিয়া কাপে ভারত দুই ম্যাচেই হারায় বাংলাদেশকে।
এদিকে বাংলাদেশ শিবিরে বড় কোনো ইনজুরি শঙ্কা নেই। অনুশীলনে পিঠে টান পেলেও অধিনায়ক লিটন দাস খেলতে প্রস্তুত। তবে শ্রীলঙ্কার বিপক্ষে খারাপ বোলিং করায় বাদ পড়তে পারেন শরিফুল ইসলাম। তার বদলে একাদশে জায়গা পেতে পারেন পেস বোলিং অলরাউন্ডার তানজিম হাসান সাকিব।
ভারত আজ বাংলাদেশকে হারাতে পারলে তাদের ফাইনাল নিশ্চিত হয়ে যাবে প্রায়। তাই ম্যাচে কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে পারে রোহিত শর্মার দল। উইকেটকিপার হিসেবে সঞ্জু স্যামসনের জায়গায় সুযোগ পেতে পারেন জিতেশ শর্মা। ব্যাটিং লাইনআপেও দেখা যেতে পারে পরিবর্তন। বিশ্রামে থাকতে পারেন পেসার জাসপ্রিত বুমরাহ, তার জায়গায় ফিরতে পারেন অর্শদীপ সিং।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ : সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান।
ভারতের সম্ভাব্য একাদশ: অভিষেক শর্মা, শুবমান গিল (সহ–অধিনায়ক), তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রিঙ্কু সিং, জিতেশ শর্মা, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং।