Oct 25, 2025
ভারতে অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটারদের শ্লীলতাহানি, গ্রেপ্তার এক যুবক

ভারতে অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটারদের শ্লীলতাহানি, গ্রেপ্তার এক যুবক

ভারতে অনুষ্ঠিত নারী ওয়ানডে বিশ্বকাপে মাঠের বাইরে নেমে এসেছে বিতর্ক। বিশ্বকাপ খেলতে গিয়ে শ্লীলতাহানির শিকার হয়েছেন দুই অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটার।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রদেশের ইন্দোরে ২৩ অক্টোবর সন্ধ্যায় এ ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়েছে, এক মোটরসাইকেল আরোহী দীর্ঘক্ষণ ধরে দুই অস্ট্রেলিয়ান ক্রিকেটারকে অনুসরণ করেন এবং পরে তাদের শ্লীলতাহানি করে পালিয়ে যান।

পুলিশের তথ্য অনুযায়ী, অভিযুক্তের নাম আকিল খান। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শুক্রবার (২৫ অক্টোবর) তাকে গ্রেপ্তার করা হয়েছে। ইন্দোর পুলিশ জানিয়েছে, আকিলের বিরুদ্ধে আগেও একাধিক ফৌজদারি মামলা রয়েছে।

অস্ট্রেলিয়া দলের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তা ড্যানি সিমন্স দ্রুত স্থানীয় থানায় যোগাযোগ করেন। পরে সহকারী পুলিশ কমিশনার (এএসপি) হিমানি মিশ্র ওই দুই ক্রিকেটারের সঙ্গে কথা বলেন। তাদের অভিযোগের ভিত্তিতে এমআইজি থানায় ভারতীয় দণ্ডবিধির ৭৪ ও ৭৮ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে।

প্রতিবেদনে আরও জানানো হয়, ঘটনার সময় ক্রিকেটাররা ইন্দোরের খাজরানা রোড এলাকায় ঘুরতে বের হয়েছিলেন। তখন তাদের হোটেল থেকে অনুসরণ করা হচ্ছিল। কাছের একটি ক্যাফের সামনে বাইক আরোহী এসে তাদের শরীরে অশ্লীলভাবে হাত দেয় এবং দ্রুত সরে যায়।

অস্ট্রেলিয়ার পরবর্তী ম্যাচ শনিবার (২৫ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইন্দোরের হোলকার স্টেডিয়ামে। দুই দলই ইতিমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে।

পুলিশ বলেছে, অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং খেলোয়াড়দের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

All Categories