ভারত-মিয়ানমার থেকে মাদক প্রবাহিত হচ্ছে: প্রতিমন্ত্রী টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ভারত ও মিয়ানমার থেকে বাংলাদেশে পরিকল্পিতভাবে মাদক প্রবাহিত হচ্ছে।
তিনি উল্লেখ করেন, যুবসমাজকে ধ্বংসের উদ্দেশ্যে এ দুটি দেশ মাদক বাংলাদেশে ঢুকিয়ে দিচ্ছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ঢাকা-২ আসনের কালিন্দী ইউনিয়নের তাজ প্যালেস ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ডেঙ্গু ও মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী টুকু বলেন, মাদকের লাগাম টেনে ধরতে না পারলে দেশের যুবসমাজ ধ্বংস হয়ে যাবে। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনের প্রত্যাশা নিয়ে কাজ করছেন। মানুষের দুঃখ-কষ্টকে গুরুত্ব দিয়ে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যার মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, স্বাস্থ্য কার্ড এবং ইমাম-মুয়াজ্জিন, পুরোহিত ও ধর্মগুরুদের জন্য মাসিক ভাতা ব্যবস্থার কথাও উল্লেখ করেন।
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ ফরিদা খানম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা জেলার ক্রাইম অপস ও ট্রাফিক দক্ষিণের অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম এবং ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কেরাণীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক। সমাবেশে কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, স্কাউট শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।