উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে মধ্যরাতে আগুন, পুড়েছে ৪০০–৫০০ ঘর
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে অন্তত ৪০০ থেকে ৫০০টি ঘর পুড়ে গেছে। সোমবার মধ্যরাতে উপজেলার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা এলাকার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ৩টার দিকে ১৬ নম্বর ক্যাম্পের ডি–৪ ব্লকে ব্র্যাক পরিচালিত একটি শিখন কেন্দ্র (লার্নিং সেন্টার) থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের বসতঘর ও শেডে ছড়িয়ে পড়ে। গভীর রাতে আগুন লাগায় ক্যাম্পজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক বাসিন্দা জীবন বাঁচাতে ঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন।
উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা বলেন, আগুন লাগার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় চার ঘণ্টার চেষ্টায় সকাল ৭টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এ সময়ের মধ্যে অন্তত ৪০০ থেকে ৫০০টি ঘর পুড়ে গেছে।
এই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ কিংবা কোনো হতাহতের তথ্য নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণ ও আগুনের কারণ অনুসন্ধানে কাজ করছে।
উল্লেখ্য, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সাম্প্রতিক সময়ে অগ্নিকাণ্ডের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এর আগে গত ২৬ ডিসেম্বর ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি হাসপাতাল আগুনে পুড়ে যায়। তারও আগে ২৫ ডিসেম্বর রাতে কুতুপালং নিবন্ধিত ক্যাম্পে আগুনে ১০টিরও বেশি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছিল। ঘন ঘন অগ্নিকাণ্ডের ঘটনায় ক্যাম্পের অগ্নিনিরাপত্তা ও জরুরি সেবাব্যবস্থা নিয়ে রোহিঙ্গাদের মধ্যে উদ্বেগ বাড়ছে।