উদ্বোধনের পরদিনই মওলানা ভাসানী সেতু থেকে বৈদ্যুতিক ক্যাবল চুরি

গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীর ওপর নির্মিত ‘মওলানা ভাসানী সেতু’ উদ্বোধনের এক দিন পরই সেতুর ল্যাম্পপোস্টের বৈদ্যুতিক তার চুরি হয়েছে। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে দুষ্কৃতকারীরা মাটি খুঁড়ে মাটির নিচ দিয়ে স্থাপন করা প্রায় ৩০০ মিটার তার কেটে নিয়ে যায়। ফলে সেতুর আলো জ্বলে ওঠেনি এবং অন্ধকারে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করতে হয়েছে।

এ বিষয়ে গাইবান্ধা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী আজ শুক্রবার জানান, শুক্রবার সকালে আমরা বিষয়টি জানতে পারি। দুষ্কৃতকারীরা প্রায় ৩০০ মিটার বৈদ্যুতিক তার চুরি করেছে। তাদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নিতে সুন্দরগঞ্জ থানায় জানানো হয়েছে। থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, আজ বিকেল থেকেই নতুন করে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ শুরু করা হচ্ছে। পাশাপাশি সেতুর নিরাপত্তায় সার্বক্ষণিক পুলিশ মোতায়েনের বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে।

স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার রাতেই সেতুর আলো নিভে যায়। অনেকেই ভেবেছিলেন এটি লোডশেডিং-এর কারণে। তবে শুক্রবার সকালে সেতুর পাশে খোঁড়া গর্ত দেখতে পেয়ে এলজিইডি কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়। স্থানীয়রা দাবি করেছেন, দ্রুততম সময়ে ল্যাম্পপোস্টে নতুন সংযোগ দেওয়া হোক।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাকিম আজাদ জানান, অভিযোগ পাওয়া মাত্র বিষয়টি খতিয়ে দেখা হবে। দুষ্কৃতকারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সেতুর নিরাপত্তা নিশ্চিত করতে আজ থেকেই সেখানে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শিগগিরই একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হবে এবং স্থায়ী ক্যাম্পের জন্যও আবেদন করা হয়েছে।

গত বুধবার অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সেতুটি উদ্বোধন করেন। সেতু নির্মাণের কাজ শুরু হয় ২০১৮ সালের ৫ নভেম্বর। সেতুর উভয় পাশে ৮৬ কিলোমিটার সড়ক মেরামত, ছোট-বড় ৬২টি সেতু-কালভার্ট নির্মাণ এবং ৩.৫ কিলোমিটার নদী শাসনসহ মোট ব্যয় হয়েছে ৯২৫ কোটি টাকা।

১,৪৯০ মিটার দৈর্ঘ্য ও ৯.৬০ মিটার প্রস্থের সেতুটি দুই লেনের এবং মোট ৩১টি স্প্যানের। সেতু চালু হলে কুড়িগ্রামের চিলমারী থেকে ঢাকার দূরত্ব কমবে ৯৩ কিলোমিটার এবং যাত্রার সময় দুই থেকে আড়াই ঘণ্টা সাশ্রয় হবে।

All Categories