বিহারের বিধায়কের মেয়ের বিয়েতে রাজসিক আয়োজন
বিহারের বিধায়ক অনন্ত সিংয়ের মেয়ে শিবাঙ্গীর বিয়ের অনুষ্ঠানে ব্যাপক আয়োজন করা হয়েছে। ২৫ নভেম্বর পাটনার লাদমা গ্রামে তাদের পৈতৃক বাড়িতে এই বিয়ে অনুষ্ঠিত হবে, যেখানে মহাসড়কের পাশে হেলিপ্যাড তৈরি করা হয়েছে এবং বিজয়ী ঘোড়দৌড়ে ‘থর’ গাড়ি পুরস্কার হিসেবে দেওয়া হবে।
সোমবার (২৩ নভেম্বর) গায়েহলুদের অনুষ্ঠানে বিশাল প্যান্ডেলের নিচে ১০০ ফুটেরও বেশি দীর্ঘ মেগা রান্নাঘর বসিয়ে অতিথিদের জন্য ৫০ লাখেরও বেশি গোলাপ জামুন তৈরি করা হচ্ছে। অনন্ত সিংয়ের তিন ছেলে অঙ্কিত, অভিষেক ও অভিনব উজ্জ্বল হলুদ পাঞ্জাবি পরে অতিথিদের বরণ করেন।
অনন্ত সিংয়ের ঘনিষ্ঠ সহযোগী কানহাইয়া সিং জানিয়েছেন, আগামী দুই দিনে আগত অতিথিদের জন্য আরও ১২টি রান্নাঘর তাঁবু স্থাপন করা হবে। মিষ্টি তৈরির জন্য ১০ হাজার কেজি দুধ সরবরাহ করা হচ্ছে। বৃষ্টির কারণে কিছুটা কর্দমাক্ত হলেও ঘোড়দৌড়ের জন্য মাঠ প্রস্তুতকরণ চলছে এবং নতুন অবকাঠামো সংস্কার করা হচ্ছে।
অনন্ত সিং বলেন, ‘‘আজ আমি খুব খুশি। সবাই আমাদের বাড়িতে আসছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি।’’ আগামী দুই দিনের মধ্যে ঘোড়দৌড়ের সব প্রস্তুতি শেষ হবে। এই প্রতিযোগিতায় বিশেষ প্রজাতির ঘোড়া দৌড়াবে, যা দুই পা একসঙ্গে তুলে দৌড়ানোর জন্য পরিচিত। বিজয়ীর জন্য থাকবে ‘থর’ গাড়ি পুরস্কার।
ইতোমধ্যে উত্তর প্রদেশের বিজেপি বিধায়ক সুশীল সিং ঘটনাস্থলে পৌঁছে অনন্ত সিংয়ের মেয়ের বিয়েতে অংশ নিয়েছেন ও শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, ‘‘অনন্ত সিং আমার ভাইয়ের মতো।’’ এছাড়া তিনি জানিয়েছেন, আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচারণার জন্য অনন্ত সিংকে উত্তর প্রদেশে আমন্ত্রণ জানানো হবে।