ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক আজ

ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রমকে পূর্ণাঙ্গরূপে সক্রিয় ও গতিশীল করতে আজ শনিবার শুরু হচ্ছে সংসদীয় কমিটির আনুষ্ঠানিক যাত্রা। সকাল ১১টায় জাতীয় সংসদ সচিবালয়ের ক্যাবিনেট কক্ষে (লেভেল-২) সংসদ কমিটির প্রথম বৈঠক শুরু হয়েছে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, নতুন সংসদের অধীনে এটিই প্রথম কোনো সংসদীয় কমিটির বৈঠক। ফলে এই বৈঠক থেকে কমিটির কর্মপরিধি নির্ধারণসহ সংসদীয় কার্যক্রম পরিচালনায় বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রাথমিক দিকনির্দেশনা আসতে পারে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সংসদীয় ব্যবস্থায় কমিটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হওয়ার পর থেকেই সংসদীয় কার্যক্রমকে নিয়মিত ও বেগবান করার প্রস্তুতি চলছিল। আজকের এই বৈঠকের মধ্য দিয়েই সেই প্রক্রিয়ার আনুষ্ঠানিক সূচনা হলো।

বিকেলে সরকারি দলের বৈঠক এদিকে সংসদীয় কমিটির বৈঠকের পাশাপাশি আজ বিকেল ৪টায় সংসদ ভবনের সরকারদলীয় সভাকক্ষে ক্ষমতাসীন দলের সংসদ সদস্যদের নিয়ে একটি পৃথক বৈঠক অনুষ্ঠিত হবে।

দলীয় সূত্রে জানা গেছে, এই বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন আইন প্রণয়ন কার্যক্রম এবং সংসদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। সংসদ অধিবেশনে নিজ দলের সদস্যদের ভূমিকা ও সমন্বয় বাড়াতে এই বৈঠককে বিশেষ গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।

সংসদ সচিবালয়ের কর্মকর্তারা মনে করছেন, আজকের এই দ্বিমুখী তৎপরতা সংসদের নিয়মিত কার্যক্রমকে আরও সক্রিয় ও প্রাণবন্ত করে তুলবে। কমিটির বৈঠকগুলো নিয়মিত শুরু হলে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার পথও আরও সুগম হবে।

All Categories