ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি নিয়ে অপপ্রচারের অভিযোগ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের যৌথ ছবি নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানোর অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক খান। শনিবার (৩ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস নোটে তিনি এ কথা জানান।
প্রেস নোটে বলা হয়, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে আসা বিশ্বনেতা ও তাঁদের সহধর্মিণীদের সম্মানে প্রেসিডেন্ট ট্রাম্প একটি নৈশভোজ ও রিসেপশনের আয়োজন করেন। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। পরে ওই অনুষ্ঠানে তাঁদের অংশগ্রহণের একটি ছবি প্রকাশ করা হলে তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক শুরু হয়।
বিবৃতিতে বলা হয়েছে, অপপ্রচারকারীরা প্রধানমন্ত্রী তারেক রহমানের আসল ছবিটিকে মিথ্যা দাবি করে কসোভোর প্রধানমন্ত্রী আলবিন কুর্তির সঙ্গে ট্রাম্পের একটি কৃত্রিমভাবে তৈরি ও বিকৃত ছবিকে সত্য হিসেবে প্রচার করছে। ওই ছবিতে ট্রাম্পকে কার্ডবোর্ডের কাটআউট বা প্রতিকৃতি হিসেবে উপস্থাপন করা হয়েছে।
সহকারী প্রেস সচিব জানান, ছবিটি যাচাই করে সেটিকে সম্পূর্ণ কৃত্রিমভাবে তৈরি ও সম্পাদিত বলে উল্লেখ করা হয়েছে। এই ছবি ব্যবহার করে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের রিসেপশনে উপস্থিতির আসল ছবিকে বিতর্কিত করার চেষ্টা চলছে।