ট্রাম্পের বার্তা উপেক্ষা করে পারমাণবিক শক্তি বাড়াচ্ছেন কিম জং উন
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একাধিক যোগাযোগের প্রচেষ্টা সত্ত্বেও সাড়া দেননি। এর মধ্যে ট্রাম্পের দেওয়া একটি চিঠিও খাম না খুলে ফেরত পাঠানো হয়েছে। পাশাপাশি কিম পারমাণবিক অস্ত্রের মজুত বাড়ানোর পথে অগ্রসর হচ্ছেন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে আগ্ৰহ প্রকাশ করছেন না।
দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, গত বছর ট্রাম্প সরকারি টেলিফোন লাইনসহ বিভিন্ন মাধ্যমে কিমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন, কিন্তু উত্তর কোরিয়া থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পরে নিউইয়র্কের জাতিসংঘের মাধ্যমে একটি চিঠি পাঠানো হয়, যা কিমের হাতে তুলে দেওয়া হয়, তবে তিনি সেটি খাম না খুলে ফেরত দেন।
২০১৮ ও ২০১৯ সালে ট্রাম্প ও কিমের মধ্যে তিনটি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে মূল উদ্দেশ্য ছিল উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্র ত্যাগে রাজি করানো। কিন্তু বর্তমানে কিম এসব আলোচনা ও ট্রাম্পের সঙ্গে সম্পর্ক গড়ার জন্য আগ্রহী নন। সম্প্রতি ট্রাম্প এশিয়া সফরে আবারো বৈঠকের প্রস্তাব দিলেও কিমের শর্তগুলো যুক্তরাষ্ট্র মেনে নিতে পারেনি।
এক মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, কিম তার কৌশলগত অস্ত্র কর্মসূচির বিষয়ে কোনো দরকষাকষি করতে চান না। ২০১৯ সালের পর থেকে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের সংখ্যা প্রায় দ্বিগুণ বেড়ে ৬০টির কাছাকাছি পৌঁছেছে। এ ছাড়া দেশটি কঠিন জ্বালানিচালিত আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে, যা দ্রুত মোবাইল প্ল্যাটফর্ম থেকে চালানো সম্ভব।
উত্তর কোরিয়া ও রাশিয়ার সম্পর্কও আরও গভীর হয়েছে। ২০২২ সালে ইউক্রেন যুদ্ধের সময় পিয়ংইয়ং মস্কোর সমর্থন দেয় এবং রাশিয়ায় রকেট ও কামানের গোলা সরবরাহের অভিযোগ ওঠে। এছাড়া ক্রিপ্টোকারেন্সি চুরি করে অর্থ সংগ্রহের ঘটনায় দেশটির নাম উঠে এসেছে। বিশেষ করে ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্স থেকে ৬ বিলিয়ন ডলারের বেশি চুরি করা হয়েছে, যা ইতিহাসের সবচেয়ে বড় চুরি বলে বিবেচিত।
গত ফেব্রুয়ারিতে কিম একটি ভাষণে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি তার পারমাণবিক কর্মসূচিকে গ্রহণ করে, তবে দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা সম্ভব, নতুবা ‘অনন্ত সংঘাত’ এড়ানো যাবে না। ট্রাম্প ও কিমের সম্পর্ক শুরুতে উত্তেজনাপূর্ণ ছিল, কিন্তু এখন তা সংকটাপন্ন অবস্থায় রয়েছে।