টি-টোয়েন্টি বিশ্বকাপ অনিশ্চয়তা: বাংলাদেশের পাশে পাকিস্তান, প্রস্তুতি স্থগিত পিসিবির

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে অনিশ্চয়তা কাটছেই না। নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে দল পাঠাতে নারাজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই অবস্থায় বাংলাদেশের পাশে শক্তভাবে দাঁড়িয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাংলাদেশের সিদ্ধান্তে পূর্ণ সমর্থন জানিয়ে বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুতিও আপাতত স্থগিত করেছে পিসিবি।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপার-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে দল না পাঠানোর বিষয়ে বিসিবির অবস্থানকে যৌক্তিক ও বৈধ বলে মনে করছে পিসিবি। বাংলাদেশের নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগকে তারা পুরোপুরি সমর্থন জানিয়েছে।

প্রতিবেদনে বোর্ড কর্মকর্তাদের বরাতে বলা হয়, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারতে শুরু হতে যাওয়া বিশ্বকাপের জন্য পাকিস্তান দলের সব ধরনের প্রস্তুতি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশ ইস্যুতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) যদি সম্মানজনক কোনো সমাধান দিতে ব্যর্থ হয়, তাহলে পাকিস্তানও টুর্নামেন্টে অংশগ্রহণের বিষয়টি পুনর্বিবেচনা করবে। এমনকি বিশ্বকাপে অংশ না নিলে কী করা হবে, সে বিষয়ে বিকল্প পরিকল্পনা তৈরির নির্দেশও টিম ম্যানেজমেন্টকে দিয়েছে পিসিবি।

জিও সুপার-এর সূত্র জানিয়েছে, পিসিবির মতে, আয়োজক হওয়ার অজুহাতে কোনো দেশের ওপর চাপ বা হুমকি প্রয়োগ করা উচিত নয়।

এর আগে গত ১১ জানুয়ারি পিসিবি জানিয়েছিল, শ্রীলঙ্কার ভেন্যু যদি কোনো কারণে পাওয়া না যায়, তবে বাংলাদেশের ম্যাচগুলো পাকিস্তানে আয়োজন করতে তারা প্রস্তুত। পাকিস্তানের ভেন্যুগুলো বিশ্বকাপ ম্যাচ আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত বলেও দাবি করে পিসিবি।

এদিকে সংকট সমাধানে আইসিসির কাছে গ্রুপ পরিবর্তনের প্রস্তাব দিয়েছিল বিসিবি। তবে ভারতীয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ-এর খবরে বলা হয়েছে, আয়ারল্যান্ড তাদের নির্ধারিত গ্রুপ বদল করতে রাজি নয়। ক্রিকেট আয়ারল্যান্ড (সিএ) বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে ক্রিকবাজ। ফলে বাংলাদেশের সঙ্গে আয়ারল্যান্ডের গ্রুপ অদলবদলের প্রস্তাব কার্যত বাতিল হয়ে গেছে।

আইরিশদের রাজি করাতে উদ্যোগ নিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বিসিবি সূত্র জানায়, শনিবার রাতে তিনি আইরিশ ক্রিকেটের কয়েকজন কর্মকর্তার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। তবে সেখান থেকে কোনো আশ্বাস পাওয়া গেছে কি না, তা জানা যায়নি। আইরিশরা রাজি না হলে তাদের বাধ্য করার এখতিয়ার নেই আইসিসির। এ ক্ষেত্রে স্বাগতিক শ্রীলঙ্কার সম্মতিও প্রয়োজন।

বর্তমানে গ্রুপ ‘বি’-তে রয়েছে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, ওমান ও আয়ারল্যান্ড। এই গ্রুপের সব ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা শ্রীলঙ্কার কলম্বো ও ক্যান্ডিতে। অন্যদিকে গ্রুপ ‘সি’-তে রয়েছে বাংলাদেশ, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। এ গ্রুপের ম্যাচগুলো নির্ধারিত ভারতের কলকাতা ও মুম্বাইয়ে।

ভারত সফরে বিসিবির অনীহার প্রেক্ষাপটে আইসিসি আগামী ২১ জানুয়ারির মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলেছে। আইসিসি স্পষ্টভাবে জানিয়েছে, সূচি বা ভেন্যু পরিবর্তনের সুযোগ নেই। বাংলাদেশকে গ্রুপ ‘সি’-তে থেকেই কলকাতা ও মুম্বাইয়ে ম্যাচ খেলতে হবে। তবে বাংলাদেশ শেষ পর্যন্ত নিজেদের সিদ্ধান্তে অনড় থাকলে এবং ভারতে না গেলে, র‍্যাঙ্কিং অনুযায়ী স্কটল্যান্ডকে বদলি দল হিসেবে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে আইসিসির।

All Categories