থানচির দুর্গম বুলুপাড়ায় ৫৭ বিজিবির অর্থায়নে প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন

বান্দরবানের থানচি উপজেলার দূরবর্তী রেমাক্রি ইউনিয়নের বুলুপাড়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–এর উদ্যোগে নির্মিত নতুন একটি প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন করা হয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি সামাজিক ও মানবিক উন্নয়নের অংশ হিসেবে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) নিজস্ব পৃষ্ঠপোষকতায় বিদ্যালয়টি নির্মাণ করে।

আজ  মঙ্গলবার (২ ডিসেম্বর) বিদ্যালয়টি উদ্বোধন করেন ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আব্দুল্লাহ আল মেহেদী। উদ্বোধনী অনুষ্ঠানে বিজিবির বিভিন্ন স্তরের সদস্য, স্থানীয় পাড়া কারবারী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নতুন এ বিদ্যালয়ে এলাকায় বসবাসরত শিক্ষাবঞ্চিত প্রায় ৭০–৮০ জন ছেলে-মেয়ের পড়ালেখার সুযোগ সৃষ্টি হলো। উদ্বোধন উপলক্ষে লে. কর্ণেল আব্দুল্লাহ আল মেহেদী প্রায় ৪০–৫০ শিক্ষার্থীর হাতে বই, খাতা, কলম, পেন্সিল, রাবারসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেন। এছাড়া শিশুদের মাঝে বিস্কুট ও চকলেটও বিতরণ করা হয়।

বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সর্ব দক্ষিণ-পূর্বাঞ্চলের একেবারে সীমান্তঘেঁষা দুর্গম বুলুপাড়ায় এ বিদ্যালয় নির্মাণ স্থানীয় তিনটি পাড়ার প্রায় ৫০টি পরিবারের জীবনযাত্রার মানোন্নয়নে সহায়ক হবে। দীর্ঘদিন ধরে অবকাঠামোগত সুবিধাবঞ্চিত এ এলাকায় বিদ্যালয় প্রতিষ্ঠা শিক্ষার সুযোগের পাশাপাশি সামাজিক উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি করবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সীমান্ত নিরাপত্তা, চোরাচালান ও মাদক প্রতিরোধের পাশাপাশি “অপারেশন উত্তরণ” কর্মসূচির আওতায় ৫৭ বিজিবি দীর্ঘদিন ধরে দুর্গম পাহাড়ি এলাকায় মানবিক কার্যক্রম পরিচালনা করছে। বিনামূল্যে চিকিৎসা সেবা, খাদ্য ও বস্ত্র বিতরণ, আর্থিক অনুদান ও দুর্যোগে ত্রাণ কার্যক্রমের মাধ্যমে পাহাড়ি-বাঙালি সম্প্রীতি জোরদার করতেও কাজ করছে বাহিনীটি।

All Categories