তেলের দাম কমানোর দাবি, রাজপথে নামার হুঁশিয়ারি চরমোনাই পীরের

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, সরকার পূর্বাভাস ছাড়াই রাতের আঁধারে তেলের দাম বৃদ্ধি করেছে, যার প্রভাব জনজীবনের প্রতিটি ক্ষেত্রে পড়বে। তিনি হুঁশিয়ারি দেন, যদি গণমানুষের কষ্ট লাঘব না হয়, তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজপথে নামতে বাধ্য হবে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নবগঠিত কেন্দ্রীয় মিডিয়া উপকমিটিগুলোর শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, তেলের দাম বাড়ানোর ফলে গণপরিবহনের ভাড়া ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পেতে পারে। তিনি আন্তর্জাতিক বাজারের অস্থিরতা সত্ত্বেও জনগণের স্বার্থে সরকারকে তেলের দামে ভর্তুকি দেওয়ার আহ্বান জানান।

তিনি গ্যাস সংকটের কারণে মিল-কারখানা বন্ধ হয়ে যাওয়ার বিষয়েও মন্তব্য করেন এবং বলেন, এর ফলে মানুষ বেকার হয়ে পড়ছে। তিনি উল্লেখ করেন, দেশের সাধারণ মানুষ সামগ্রিকভাবে ভালো নেই।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, জনগণ বারবার বিএনপিকে সমর্থন দিয়েছে, কিন্তু তাদের শাসনামলে মানুষের জীবনযাত্রা ভালো থাকে না।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মুফতি রেজাউল করীম। তিনি বলেন, মাদক, সন্ত্রাস ও অপরাধ নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা স্পষ্ট। অপরাধ সংঘটনের আগে সরকার অপরাধীদের নিবৃত্ত করতে পারছে না এবং অপরাধের পর আটক ব্যক্তিরা টাকার বিনিময়ে জামিনে বেরিয়ে যাচ্ছে। এর ফলে দেশে খুন, শিশু নির্যাতন ও শিশু হত্যা বেড়ে গেছে। তিনি এ বিষয়ে সরকারকে সতর্ক হওয়ার আহ্বান জানান।

শপথ গ্রহণ অনুষ্ঠানে ১৫টি উপকমিটির সদস্যদের শপথ পড়ান ইসলামী আন্দোলনের আমির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

All Categories