তারেক রহমানের জন্য বারিধারা ডিওএইচএসে নতুন বাসস্থান প্রস্তুত করা হচ্ছে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনি তফসিল ঘোষণার পর দেশে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছেন। ইতোমধ্যে ঢাকার বারিধারা ডিওএইচএসের একটি বাড়ি তার জন্য প্রস্তুত করা হচ্ছে, যেখানে তিনি সপরিবারে বসবাস করবেন।
লন্ডনে তারেক রহমানের ঘনিষ্ঠ একাধিক বিশ্বস্ত সূত্র এ তথ্য জানিয়েছে
এই বাড়িটি তারেক রহমানের শ্বশুর, সাবেক মন্ত্রী এবং সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খানের কাছ থেকে উত্তরাধিকারসূত্রে পেয়েছেন। ১৯৮৪ সালে মাত্র ৪৯ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন এবং তার মৃত্যুর পর বাড়িটি দীর্ঘদিন অব্যবহৃত ছিল। বর্তমানে বাড়িটি আধুনিকায়ন এবং সংস্কারের কাজ চলছে, যার মধ্যে কিচেন, বাথরুমসহ বিভিন্ন অংশ নতুন করে ডিজাইন করা হচ্ছে।
তারেক রহমান এবং তার পরিবার ঢাকায় ফিরে এসে এই বাড়িতেই বসবাস করবেন। বাড়ির সংস্কারের কাজ শেষ হলে, তিনি দ্রুত দেশে ফিরে আসবেন। বিএনপির নেতারা এবং তার ঘনিষ্ঠ সূত্র বলছেন, নির্বাচনি প্রক্রিয়া শুরুর আগেই তিনি দেশে ফিরবেন এবং দলের রাজনীতিতে সক্রিয় ভূমিকা নেবেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন এক বিবৃতিতে জানিয়েছেন,এটি শুধু সময়ের ব্যাপার। তারেক রহমান নির্বাচনি প্রক্রিয়া শুরুর আগেই দেশে ফিরবেন এবং রাজনীতিতে যোগ দেবেন।
বিএনপির আইনজীবীরা নিশ্চিত করেছেন যে, তারেক রহমান সব মামলা থেকে খালাস পেয়েছেন। ফলে, এখন আর কোনো আইনি বাধা নেই তার দেশে ফেরার পথে। আইনজীবীরা আশা প্রকাশ করেছেন যে, তার দেশে ফেরার পর তিনি সরাসরি রাজনীতিতে সক্রিয় অংশ নেবেন।
যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেকও গণমাধ্যমকে জানিয়েছেন,খালেদা জিয়া দেশের মাটিতে ফিরে আসার জন্য খুবই আগ্রহী, এবং ঈদের পর তিনি দেশে ফিরবেন।
বিএনপির নেতারা মনে করেন, তারেক রহমানের দেশে ফিরলে দলের রাজনৈতিক কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং তার নেতৃত্বে বিএনপি একটি নতুন দিশা পাবে।দলের মধ্যে নতুন আশা এবং উদ্দীপনা সৃষ্টি হবে,যা জাতীয় নির্বাচনের আগে বিএনপির শক্তি বৃদ্ধি করতে সহায়তা করবে।