হস্তান্তরের আগেই ফাটল ধরল হাকিমপুরের একাডেমিক ভবনে
দিনাজপুরের হাকিমপুর উপজেলার ছাতনী রাউতারা জেএম ফাজিল মাদ্রাসার নতুন একতলা একাডেমিক ভবনে হস্তান্তরের আগেই মেঝে, বারান্দা ও দেয়ালের অন্তত ২০টি স্থানে ফাটল দেখা গেছে। নির্মাণের গুণগত মান নিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে।
দূর থেকে ভবনটি আধুনিক ও আকর্ষণীয় হলেও কাছ থেকে পর্যবেক্ষণ করলে নির্মাণের বিভিন্ন ত্রুটি স্পষ্ট হয়। প্রবেশমুখের মেঝে ফেটে গেছে, বারান্দার বিভিন্ন স্থানে ফাটল রয়েছে এবং দেয়ালের পলেস্তারা শক্ত হয়নি বলে সামান্য চাপেই খসে পড়ছে।
২০২৩-২৪ অর্থবছরে ১ কোটি ১৮ লাখ ৩৪ হাজার ৫০০ টাকায় নির্মাণের জন্য বরাদ্দ দেয়া হয়। ঠিকাদার মো. হাবিবুর রহমান ৫ শতাংশ কম দামে ১ কোটি ১২ লাখ ৪২ হাজার ৭৭৫ টাকায় কাজটি পেয়েছিলেন। ২০২৩ সালের ৩০ নভেম্বর কার্যাদেশ পাওয়ার পর ১২ মাসের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও প্রায় দুই বছর পর চলতি মাসে নির্মাণ শেষ হয়।
শিক্ষার্থী ও অভিভাবকরা অভিযোগ করেছেন, ঠিকাদার ও শিক্ষা প্রকৌশল বিভাগের যোগসাজশে নিম্নমানের নির্মাণ কাজ হয়েছে, যার কারণে হস্তান্তরের আগেই ভবনে বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে। মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান বিষয়টি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) এর কাছে জানিয়েছেন। ঠিকাদারের ব্যবস্থাপক উজ্জ্বল হোসেন জানান, ফাটলগুলি মেরামত করা হবে। তবে শিক্ষা প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. বেলাল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।