তাণ্ডবের তীব্রতায় ধ্বংসস্তূপে প্রথম আলো–ডেইলি স্টার কার্যালয়
রাজধানীর কাওরান বাজারে অবস্থিত ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার ও বাংলা দৈনিক প্রথম আলো-এর কার্যালয়ে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতে একদল লোক হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে দুই পত্রিকার কার্যালয়ে গিয়ে দেখা যায়, দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনার পর ক্ষয়ক্ষতির পর্যালোচনার কাজ করছেন। ভবনের সামনে উৎসুক মানুষের ভিড় জমে ওঠে। পরিস্থিতি পর্যবেক্ষণে সেখানে পুলিশ সদস্যদেরও অবস্থান করতে দেখা যায়।
সরেজমিনে দেখা গেছে, ডেইলি স্টার ভবনের প্রথম থেকে তৃতীয় তলা পর্যন্ত আগুনে পুড়ে গেছে। এসব তলার অফিস কক্ষ, আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ভবনের চতুর্থ থেকে সপ্তম তলা পর্যন্ত অফিসের প্রায় সব সামগ্রী লুটপাট ও ভাঙচুর করা হয়েছে। কাগজপত্র, কম্পিউটার, আসবাবসহ বিভিন্ন উপকরণ তছনছ করে ফেলা হয়েছে। পুরো ভবনই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
সকালে ভবনের সামনে বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীদের তথ্য সংগ্রহ ও ছবি তুলতে দেখা যায়।
নিজের কর্মস্থলে এসে কান্নায় ভেঙে পড়েন ডেইলি স্টার-এর ফটোসাংবাদিক প্রবীর দাশ। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমার সব স্মৃতি, আমার এত বছরের ক্যারিয়ারে তোলা ছবি—চার-পাঁচটি হার্ডড্রাইভ। অগ্নিসংযোগকারীরা হয়তো জানে না, একজন সাংবাদিকের কাছে এসব জিনিসের মূল্য কতটা।’
এ ছাড়া অফিস প্রাঙ্গণে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় পত্রিকাটির আরেক সংবাদকর্মীকেও। তিনি বলেন, আগুনে শুধু অফিস নয়, পুড়ে গেছে তাঁর বহুদিনের স্বপ্নও।
ওই সংবাদকর্মী জানান, আগামী রোববার একটি ফ্ল্যাট কেনার কথা ছিল তাঁর। ফ্ল্যাট কেনার জন্য ধার করে জোগাড় করা ১০ লাখ টাকা তিনি অফিসে রেখেছিলেন, যা আগুনে পুড়ে গেছে। এ ছাড়া তাঁর পাসপোর্টসহ গুরুত্বপূর্ণ কাগজপত্রও আগুনে নষ্ট হয়েছে।