টানা তিন দিনে ৩৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) কক্সবাজারের টেকনাফ উপকূল থেকে গত তিন দিনে অন্তত ৩৩ জেলেকে ধরে নিয়ে গেছে। সোমবার (২৫ আগস্ট) দুপুরে শাহপরীর দ্বীপের নাইক্ষ্যংদিয়া পয়েন্ট থেকে সর্বশেষ সাতজন জেলেকে ট্রলারসহ অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায় গোষ্ঠীটি।

ট্রলার মালিক ও স্থানীয় জেলেদের ভাষ্য, এর আগের দিন রবিবার আরও ১৪ জন এবং শনিবার ১২ জন জেলেকে একইভাবে ধরে নিয়ে গেছে আরাকান আর্মির সদস্যরা।

কায়ুকখালীয়া ঘাট ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন, আজ যে ট্রলারটি নিয়ে যাওয়া হয়েছে সেটির মালিক টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়ার আবদুল মোনাফের ছেলে উমর ছিদ্দিক। নৌযানটিতে সাতজন মাঝিমাল্লা ছিলেন। ধাওয়া করার সময় এক মাঝি মোবাইল ফোনে জানিয়েছিলেন, আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে তাঁদের জিম্মি করে স্পিডবোটে করে মিয়ানমারের ফাতংজা খালের দিকে নিয়ে যাচ্ছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে ফেরার পথে আরাকান আর্মির সদস্যরা বাংলাদেশি ট্রলারগুলোর ওপর হামলা চালাচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি জোরদারের জন্য আমরা অনুরোধ করেছি।

ট্রলার মালিকদের দাবি, চলতি আগস্টের ৫ তারিখ থেকে আজ পর্যন্ত ২০ দিনে অন্তত ছয়টি ট্রলার ও নৌকাসহ ৪০ জন জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। তাঁদের কাউকেই এখনও ফিরিয়ে আনা সম্ভব হয়নি।

গত বছরের ডিসেম্বর থেকে এখন পর্যন্ত নাফ নদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্ট থেকে আরাকান আর্মি ২৪৪ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে। এর মধ্যে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রচেষ্টায় ১৮৯ জন জেলে ও ২৭টি ট্রলার ফেরত এসেছে।

All Categories