স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে গণপদযাত্রায় পুলিশের বাধা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে গণপদযাত্রায় পুলিশ বাধা দিয়েছে। এ সময় আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধাক্কাধাক্কি হয়।
সোমবার 'ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ' এই ব্যানারে একদল শিক্ষার্থী-তরুণ ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই গণপদযাত্রার কর্মসূচির আয়োজন করেন।
বিকেল তিনটার দিকে শিক্ষার্থীরা পদযাত্রা করে সচিবালয় থেকে অল্প দূরত্বে শিক্ষাভবনের সামনে পৌঁছুলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বাধা দেয়।
এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধাক্কাধাক্কি হয়। বিক্ষোভকারীরা পুলিশের প্রতিবন্ধকতা সরিয়ে ফেলেন। তবে পুলিশের বাধার মুখে সচিবালয়ের দিকে এগোতে পারেননি তারা।
শিক্ষা ভবনের সামনেই অবস্থান নিয়ে নানা স্লোগান দিতে থাকেন তারা। সেখানেই সমাবেশ করেন।
পদযাত্রায় অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, ‘গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন এক বাংলাদেশ আশা করা হয়েছিল কিন্তু সেটি হয়নি। বর্তমান পরিস্থিতিতে নারীদের বিরুদ্ধে যেসব অপরাধ হচ্ছে, সেই পরিস্থিতিতে ঘরে বসে থাকার সুযোগ নেই। ঘরে বসে থাকলেও নিরাপদ বোধ করার সুযোগ নেই। তাই রাজপথে নামা হয়েছে।’
তারা আরও বলেন, ‘স্বরাষ্ট্র উপদেষ্টা এখন পর্যন্ত মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারেননি। পুলিশ তাদের ভূমিকা পালন করছে না। এ অবস্থায় নারীসহ কেউ নিরাপদ নয়। তাই আমরা চাই স্বরাষ্ট্র উপদেষ্টা জাতির কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করবেন।’
এর আগে বিক্ষোভকারীরা সমাবেশ করেন শহীদ মিনারে।
সমাবেশ থেকে বলা হয়, জননিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, সারাদেশে অব্যাহত ধর্ষণ ও নিপীড়ন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, অবিলম্বে ধর্ষণ ও নিপীড়নের সব ঘটনার বিচার এবং সংশ্লিষ্ট আইনের সংস্কারের দাবিতে গণপদযাত্রার শান্তিপূর্ণ কর্মসূচি তারা নিয়েছিলেন। তাতে পুলিশ বাধা দিয়েছে।
এসব দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা।