স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তার দায়িত্ব বদল
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে বাংলাদেশ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। তালিকায় তিনজন ডিআইজি, ১২ জন অতিরিক্ত ডিআইজি এবং নয়জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। রোববার (৪ অক্টোবর) মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এসব আদেশ জারি করা হয়।
আদেশ অনুযায়ী, স্পেশাল রেসপন্স ইউনিটের ডিআইজি আক্কাস উদ্দিন ভূঁইয়া ও পুলিশের বিশেষ শাখার ডিআইজি মাহমুদুর রহমানকে পুলিশ স্টাফ কলেজে পাঠানো হয়েছে। অপরাধ তদন্ত বিভাগের ডিআইজি মোহাম্মদ হাসান বারী নূরকে মেট্রোরেলে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন ইউনিটের কর্মকর্তাদের গাজীপুর, খুলনা ও ট্যুরিস্ট পুলিশসহ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, পুলিশ সদর দপ্তর, অপরাধ তদন্ত বিভাগ, বিশেষ শাখা, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ও মহানগর পুলিশের একাধিক কর্মকর্তার দায়িত্ব পুনর্বিন্যাস করা হয়েছে। জনস্বার্থে জারি করা আদেশটি অবিলম্বে কার্যকর হবে।