স্বাস্থ্য খাত সংস্কারে কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধান উপদেষ্টার

স্বাস্থ্য খাতে দীর্ঘদিন ধরে চলে আসা সমস্যাগুলো নিরসনে স্বাস্থ্যবিষয়ক সংস্কার কমিশনের সুপারিশগুলো ‘যুগান্তকারী’ হিসেবে উল্লেখ করে এর মধ্যে যেসব সুপারিশ এখনই বাস্তবায়নযোগ্য, তা দ্রুত কার্যকর করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

আজ সোমবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় স্বাস্থ্য খাত–সংক্রান্ত সংস্কার কমিশনের প্রতিবেদন গ্রহণের পর প্রধান উপদেষ্টা এ নির্দেশ দেন। এ সময় তিনি বলেন, স্বাস্থ্য খাতের সমস্যাগুলো বহুদিনের। এই সংস্কার পরিকল্পনা বাস্তবায়িত হলে তা হবে একটি যুগান্তকারী পরিবর্তন।

প্রধান উপদেষ্টা আরও বলেন, কমিশনের যেসব সুপারিশ দ্রুত বাস্তবায়নের উপযোগী, তা নিয়ে সংশ্লিষ্টদের এখনই মনোযোগী হতে হবে। চিকিৎসক সংকট বড় একটি সমস্যা। আবার কোথাও ডাক্তার থাকলেও যেখানে প্রয়োজন, সেখানে নেই। এই সমস্যার স্থায়ী সমাধান করতে হবে।

চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, চিকিৎসকদের যেখানে পোস্টিং দেওয়া হবে, সেখানে তাঁদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। বিকেন্দ্রীকরণ ছাড়া স্বাস্থ্যসেবার মানোন্নয়ন সম্ভব নয়।

প্রতিবেদনটি হস্তান্তর করেন স্বাস্থ্য খাত–সংক্রান্ত সংস্কার কমিশনের প্রধান জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য ও স্বাস্থ্য ইনফরমেটিকস বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ জাকির হোসেন, অধ্যাপক লিয়াকত আলী, ডা. সায়েবা আক্তার, সাবেক সচিব এম এম রেজা, ডা. আজহারুল ইসলাম, ডা. সৈয়দ মো. আকরাম হোসেন, ডা. সৈয়দ আতিকুল হক, ডা. আহমেদ এহসানুর রাহমান ও শিক্ষার্থী প্রতিনিধি উমায়ের আফিফ।

কমিশনের অন্যান্য সদস্য হলেন ডা. নায়লা জামান খান ও ডা. মোজাহেরুল হক।

All Categories