স্বামীর পাশেই কবর হতে পারে খালেদা জিয়ার

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে তাঁর স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করার বিষয়ে ভাবা হচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ  এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বেগম খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হতে পারে। 

জানাজা ও দাফনের বিষয়টি চূড়ান্ত করতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপি যোগাযোগ করছে বলেও তিনি উল্লেখ করেন।

দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন বেগম জিয়া। চলতি বছরের ৭ জানুয়ারি তাঁর চিকিৎসা লন্ডনে করানো হয়। কিছুটা উন্নতি হলেও বয়সজনিত জটিলতা ও শারীরিক দুর্বলতায় তিনি প্রায়ই অসুস্থ হয়ে পড়তেন এবং হাসপাতালে ভর্তি হতে হতো।

সবশেষ গত ২৩ নভেম্বর তিনি অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন এবং এক মাসের বেশি সময় সেখানে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার সকাল ছয়টার দিকে হাসপাতালেই তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। এসময় পরিবারের সদস্যরা হাসপাতালে উপস্থিত ছিলেন।

All Categories