সুন্দরবনের গহীনে আগুন,এখনো পুড়ছে সুন্দরবন
সুন্দরবনের পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের কলমতেজী ফরেস্ট টহল ফাঁড়িতে লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। পানির স্বল্পতা ও দুর্গম এলাকা হওয়ায় ফায়ার সার্ভিসের অভিযান সাময়িকভাবে স্থগিত করে।
শনিবার (২২ মার্চ) সকালে স্থানীয় বাসিন্দারা ট্যাপার বিলে ধোঁয়ার কুণ্ডলী দেখতে পান। খবর পেয়ে বন বিভাগের কর্মীরা এবং স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে যোগ দেন। বিকেলের দিকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়, তবে কাছাকাছি জলাশয় না থাকায় আগুন নেভাতে জটিলতা সৃষ্টি হয়।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জানিয়েছে, আগুন বনের নিচের দিকে রয়েছে, উপরের দিকে এখনো ছড়ায়নি। ভোলা নদী থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় তিন কিলোমিটার হওয়ায় আগুন নেভাতে সময় লাগছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করীম বলেন, আমরা ঘটনাস্থলে পৌঁছে ফায়ার লাইন কেটেছি, যাতে আগুন আর ছড়িয়ে পড়তে না পারে। পানি স্বল্পতার কারণে ফায়ার সার্ভিসের কাজ শুরু করা সম্ভব হচ্ছে না, তবে আশা করছি দ্রুত কাজ শুরু করা যাবে।
আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া না গেলেও, অসাবধানতাবশত জেলে, বাওয়ালী বা মৌয়ালদের ফেলে দেওয়া বিড়ি-সিগারেট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. লায়ন ফরিদ বলেন, 'সুন্দরবনের আশপাশের এলাকায় প্রায়ই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ কারণে এই শুষ্ক মৌসুমে কঠোর নজরদারি বাড়াতে হবে। পাশাপাশি বনসংলগ্ন এলাকার বাসিন্দাদেরও সতর্কতা বাড়াতে হবে।
গত ২২ বছরে সুন্দরবনের পূর্ব অংশে ২৫ বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যার বেশিরভাগই জেলে ও মৌয়ালদের অসাবধানতার কারণে হয়েছে বলে তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে। যদিও এ বিষয়ে বনজীবীদের মধ্যে মতভেদ রয়েছে।