সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, বনরক্ষীদের গুলিতে পিছু হটল সন্দেহভাজনরা

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের কটকা অভয়ারণ্য এলাকায় পর্যটকবাহী একটি জাহাজে ডাকাতির চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। বনরক্ষীদের তৎপরতায় সন্দেহভাজনরা পালিয়ে যাওয়ায় নোঙর করে থাকা জাহাজটি নিরাপদে রয়েছে।

শনিবার (৩ অক্টোবর) রাতে কটকা খালের সাগর মোহনায় ‘দি ওয়েভ-২’ নামের জাহাজটির কাছে একটি ইঞ্জিনচালিত মাছ ধরার ট্রলারে করে কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি এগিয়ে আসেন। সাগরে থাকা জেলেরা বিষয়টি দেখতে পেয়ে মুঠোফোনে বনরক্ষীদের খবর দেন। পরে বনরক্ষীদের একটি দল দ্রুত নৌযানে ঘটনাস্থলে পৌঁছে তাদের ধাওয়া করে।

একপর্যায়ে সন্দেহভাজনদের লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোড়া হলে তারা ট্রলারের দিক পরিবর্তন করে সাগরের দিকে চলে যায়। এতে সম্ভাব্য ডাকাতির চেষ্টা ব্যর্থ হয়। ওই এলাকায় ‘দি ওয়েভ-২’ ছাড়াও ‘আরালসী’ নামের আরেকটি পর্যটকবাহী জাহাজ রয়েছে। দুই জাহাজে দেশি-বিদেশি মিলিয়ে মোট ৯৭ জন পর্যটক অবস্থান করছেন।

বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, পর্যটকবাহী জাহাজের কাছে এ ধরনের ঘটনা আগে দেখা যায়নি। সাম্প্রতিক সময়ে সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা বাড়ায় বিশেষ করে রাতে টহল আরও জোরদার করার প্রয়োজন রয়েছে।

All Categories