শুক্রবারও খোলা থাকবে চার সরকারি ব্যাংক

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন উত্তোলনের সুবিধার্থে আগামীকাল শুক্রবার (২৮ মার্চ) সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলো খোলা থাকবে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় জানানো হয়েছে, এদিন সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত লেনদেন চলবে এবং ব্যাংকের কার্যক্রম চলবে বিকেল ৩টা পর্যন্ত। দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত জুমাতুল বিদার জন্য বিরতি থাকবে। ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের বিধি অনুযায়ী ভাতা দেওয়ারও নির্দেশনা দেওয়া হয়েছে।

জানা গেছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ইএফটিএন পদ্ধতিতে বেতন-ভাতা প্রদান করতে গিয়ে নানা জটিলতা দেখা দেয়। ভুল ডিজিটসহ নানা কারণে গত ডিসেম্বর থেকে অনেকের বেতন-ভাতা আটকে ছিল। এসব জটিলতা নিরসনের পর বৃহস্পতিবার (২৭ মার্চ) অনেক শিক্ষক-কর্মচারী তাদের বেতন পেয়েছেন।

ঈদের আগে বৃহস্পতিবার ছিল শেষ কার্যদিবস, ফলে অনেক শিক্ষক-কর্মচারী শেষ মুহূর্তে বেতন পেলেও তা তুলতে পারেননি। আগামীকাল শুক্রবার থেকে টানা ৯ দিনের ছুটি শুরু হওয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের অনুরোধে বাংলাদেশ ব্যাংক এ বিশেষ নির্দেশনা জারি করেছে

All Categories