শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মৌলভীবাজারে এনসিপির দুই নেতা বহিষ্কার
সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মৌলভীবাজার জেলার দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন জেলা আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়া এবং জেলা সমন্বয় কমিটির সাবেক যুগ্ম সমন্বয়কারী তামিম আহমেদ।
মঙ্গলবার রাতে দলটির দফতর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত আলাদা দুটি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এহসান জাকারিয়ার বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ড ও দলের নীতিবিরোধী কার্যকলাপে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হয়েছে। এ কারণে কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুযায়ী তাকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
অন্যদিকে তামিম আহমেদের বিরুদ্ধেও শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগ ওঠায় সংগঠনের স্বার্থ বিবেচনায় তাকে দলীয় কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে এবং দলের সব কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে।
দুই বিজ্ঞপ্তিতেই জানানো হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।