সরকারের ব্যাংক ঋণ লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে
ব্যাংক ব্যবস্থায় সরকারের ঋণ দ্রুত বাড়ছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের তিন মাস বাকি থাকতেই পুরো অর্থবছরের জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ঋণ নিয়েছে সরকার। এবার ব্যাংক থেকে এক লাখ ৪ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা দেওয়া হয়। তবে গত ৩০ মার্চ পর্যন্ত সরকার নিয়েছে এক লাখ ৬ হাজার ৫১ কোটি টাকা। সব মিলিয়ে ব্যাংক ব্যবস্থায় সরকারের মোট ঋণ স্থিতি ৬ লাখ ৫৬ হাজার ৯৫৬ কোটি টাকা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, বাজেট ঘাটতি মেটাতে সরকার প্রতি বছরই ঋণের লক্ষ্যমাত্রা ঠিক করে। এবার যুদ্ধসহ বিভিন্ন কারণে খরচ বাড়লেও রাজস্ব আয় সেভাবে বাড়েনি। আবার বিদেশি উৎস থেকেও আশানুরূপ ঋণ মিলছে না। ফলে সরকারের ঋণচাহিদা মেটাতে ট্রেজারি বিল, বন্ডে নিয়মিত নিলাম ক্যালেন্ডারের বাইরে বিশেষ নিলাম ডাকতে হচ্ছে। বিশেষ নিলাম ডেকে গত ১ এপ্রিল ৫ হাজার কোটি টাকা নিয়েছে সরকার। আগামীকাল ৮ এপ্রিল আরও ৫ হাজার কোটি টাকার জন্য বিশেষ নিলাম ডাকা হয়েছে। ফলে এবার শেষ পর্যন্ত ঋণ কোথায় গিয়ে ঠেকবে এখনই বলা যাচ্ছে না। গত ২০২৪-২৫ অর্থবছরের মূল বাজেটে সরকার ব্যাংক ব্যবস্থা থেকে এক লাখ ৩৭ হাজার ৫০০ কোটি টাকা ঋণের লক্ষ্যমাত্রা ঠিক করেছিল। তবে সংশোধিত বাজেটে ৯৯ হাজার কোটি টাকা ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়। শেষ পর্যন্ত সরকার নিয়েছিল ৭২ হাজার ৩৭২ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে এ পর্যন্ত নেওয়া ঋণের মধ্যে বাংলাদেশ ব্যাংক সরবরাহ করেছে ৩২ হাজার ১৯৩ কোটি টাকা। এতে বাংলাদেশ ব্যাংকে সরকারের ঋণ স্থিতি বেড়ে এক লাখ ৩০ হাজার ৬১৬ কোটি টাকা হয়েছে। আর বাণিজ্যিক ব্যাংক থেকে সরকার ৯ মাসে নিয়েছে ৭৩ হাজার ৮৫৮ কোটি টাকা। এতে ঋণ স্থিতি ঠেকেছে ৫ লাখ ২৬ হাজার ৩৩৯ কোটি টাকা। চলতি অর্থবছরের শুরুর দিকেও সরকারের ঋণ চাহিদা কম ছিল। গত অক্টোবর পর্যন্ত ব্যাংক ব্যবস্থা থেকে সরকার ঋণ নেওয়ার চেয়ে পরিশোধ বেশি ছিল ৫০৩ কোটি টাকা।