সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: দুই ছিনতাইকারী গ্রেপ্তার

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীদের টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকা রনজিনা পারভীনের (৫৫) মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারীকে মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ছিনতাইকৃত মালামাল ও ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়েছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বুধবার (১৬ সেপ্টেম্বর) এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ছিনতাইকারীদের রাজধানীর একটি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

গত ৩০ আগস্ট শিক্ষিকা রনজিনা পারভীনের পরিবারের পক্ষ থেকে রাজধানীর শেরে বাংলা নগর থানায় এ ঘটনায় মামলা দায়ের করা হয়।

প্রসঙ্গত, গত ২৯ আগস্ট সকাল সাড়ে ৬টার দিকে ছিনতাইকারীদের টানে রিকশা থেকে পড়ে রনজিনা পারভীন প্রাণ হারান। তিনি বগুড়া থেকে ঢাকায় এসে ফার্মগেটের একটি হাসপাতালে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তার ব্যাগ ধরে টান দিলে তিনি রিকশা থেকে পড়ে গুরুতর আহত হন। পরে সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রনজিনা পারভীন বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

All Categories