সংসদ সদস্য গাজী নজরুলের বিরুদ্ধে এবার হত্যা প্রচেষ্টার অভিযোগ
সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ এনে নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে লিখিত আবেদন করেছেন তাঁর গাড়িচালক ও ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া ওবায়দুর রহমান।
সোমবার (২০ জুলাই) দেওয়া ওই আবেদনে ওবায়দুর রহমান অভিযোগ করেন, গত ১৪ জুলাই রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর পল্লবীর উত্তর কালশীর আলীনগরের ‘রোজ গার্ডেন টাওয়ার-২’-এর ডি-২ নম্বর ফ্ল্যাটে অবস্থানকালে তাঁর ওপর হামলা চালানো হয়।
আবেদনে বলা হয়, দুর্নীতির দায়ে চাকরিচ্যুত পুলিশের সাবেক উপপরিদর্শক (এসআই) আমিন, ইউনুস সরদারের ছেলে মাসুম বিল্লাহ ও মোক্তাসিম বিল্লাহ লাঠিসোঁটা নিয়ে তাঁকে হত্যার উদ্দেশ্যে মারধর করেন। হামলার সময় চিৎকার শুনে পাশের কক্ষ থেকে তাঁর মা ও ছোট বোন এসে তাঁকে উদ্ধার করেন।
পরে পরিবারের সদস্যদের সহায়তায় একটি সিএনজিচালিত অটোরিকশায় করে তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। আবেদনে উল্লেখ করা হয়েছে, রাত ১২টা ৩৮ মিনিটে তিনি হাসপাতালে ভর্তি হন।
ওবায়দুর রহমানের দাবি, বর্তমানে তিনি আত্মগোপনে রয়েছেন। অভিযুক্ত ব্যক্তিরা তাঁকে হত্যার হুমকি দিয়ে যাচ্ছেন বলেও আবেদনে উল্লেখ করেন তিনি।
আবেদনে আরও অভিযোগ করা হয়, এই হামলার নেপথ্যে নির্দেশদাতা ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। ওবায়দুর রহমান দাবি করেন, তিনি দীর্ঘদিন এমপির ব্যক্তিগত সহকারী ও গাড়িচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এমপির বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে জানার কারণেই তাঁকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে তাঁর অভিযোগ।
এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন ওবায়দুর রহমান।