শিশু সাজিদের দাফন সম্পন্ন, জানাজায় হাজারো মানুষ

রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে দুই বছরের শিশু সাজিদের করুণ মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে গেছে কোয়েলহাট পূর্বপাড়া গ্রাম। শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল থেকেই গ্রামজুড়ে ভেসে আসতে থাকে মসজিদের মাইক থেকে বারবার ঘোষণা কোয়েলহাট পূর্বপাড়া নিবাসী রাকিব উদ্দীনের দুই বছরের শিশু সন্তান সাজিদ মারা গেছে।

সকাল সাড়ে ১০টায় নেককিড়ি কবরস্থান-সংলগ্ন মাঠে জানাজা শেষে দাফন করা হয় সাজিদকে। জানাজার মাঠে ভোর থেকেই মানুষের ঢল নামে। গ্রামের বৃদ্ধ, কৃষক, নারী, স্কুলপড়ুয়া শিশুসহ সবাই ছোট্ট শিশুটির জানাজায় অংশ নেন। সাদা কাপড়ে মোড়ানো সাজিদের লাশ যখন মাঠে আনা হয়, চারদিকে কান্নার রোল পড়ে যায়। সন্তানের কাছে ছুটে যাওয়ার চেষ্টা করছিলেন তাঁর মা স্বজনেরা ধরে রাখলেও কারও চোখের পানি থামেনি।

জানাজার ইমামতি করেন কাজী মাওলানা মিজানুর রহমান। জানাজা শেষে হাজারো মানুষ হাত তুলে দোয়া করেন সাজিদের রুহের মাগফিরাত এবং শোকাহত পরিবারের ধৈর্যের জন্য।

দাফনের জন্য ছোট্ট কফিনটি যখন কবরের দিকে নেওয়া হচ্ছিল, পুরো মাঠ নিস্তব্ধ হয়ে যায়। শুধু ঘুরে ঘুরে শোনা যাচ্ছিল স্বজনদের কান্না। গ্রামবাসীরা বলছেন, একটি শিশুর জানাজায় এভাবে পুরো গ্রামের উপস্থিতি তারা আগে দেখেননি।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে নিখোঁজ হয় সাজিদ। ফায়ার সার্ভিসের সদস্যরা টানা ৩২ ঘণ্টা উদ্ধারকাজ চালিয়ে বৃহস্পতিবার রাত ৯টার দিকে প্রায় ৪০ ফুট মাটি খনন করে শিশুটিকে উদ্ধার করেন। তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বৃহস্পতিবার রাতেই মরদেহ গ্রামে পৌঁছায়। শুক্রবার ভোর থেকে গ্রামজুড়ে শোকের আবহে সাজিদকে শেষ বিদায় জানাতে ভিড় করেন এলাকাবাসী।

All Categories