শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়ক নামকরণ
যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের কেন্দ্রস্থলে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে একটি গুরুত্বপূর্ণ সড়ক নামকরণ করা হয়েছে। গত রোববার আনুষ্ঠানিকভাবে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’ সড়কের নামফলক উন্মোচন করা হয়।
শিকাগো সিটি কাউন্সিল সর্বসম্মতিক্রমে এই নামকরণের প্রস্তাব অনুমোদন করেছে। ২৩ সেপ্টেম্বর অল্ডারম্যান গিলবার্ট ভিগেস এই প্রস্তাবটি উত্থাপন করেন। ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস উইংয়ের এক বিজ্ঞপ্তিতে সোমবার এই তথ্য প্রকাশ করা হয়।
রোববার বৃষ্টিভেজা পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম, প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা, শিকাগো সিটি কাউন্সিলের অল্ডারম্যান গিলবার্ট ভিগেস, বাংলাদেশি কমিউনিটি নেতা শাহ মোজাম্মেল নান্টু ও বিএনপির নির্বাহী সদস্য গিয়াস আহমেদ উপস্থিত ছিলেন।
শিকাগোর বাংলাদেশি কমিউনিটির আরও নেতারা, যেমন শাহ মোসাদ্দেক মিন্টু, জসীমউদ্দীন, ইকবাল কবির, দুলু মিয়া, হাদী ভূঁইয়া, মাহির শাহ, ফরহাদ আহমেদ, কাউন্টি শেরিফের প্রতিনিধি সালমান আফতাব, শাহ মোশাররফ ও ডা. মনজুরুল হকও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সড়কটির নামকরণে খালেদা জিয়ার গণতান্ত্রিক আন্দোলনে অবদানকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তিনবার বাংলাদেশের জনগণের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া, গণতন্ত্র প্রতিষ্ঠায় তার দৃঢ় ভূমিকা এবং পাঁচটি আসনে নির্বাচনে বিপুল ভোটে জয়লাভের কথা প্রস্তাবে উল্লেখ করা হয়।
এই সড়কের পাশেই অবস্থিত শিকাগোর বিখ্যাত উইলিস টাওয়ার, যা আগে সিয়ার্স টাওয়ার নামে পরিচিত ছিল। ১১০ তলা বিশিষ্ট এই ভবনের নকশা করেছিলেন বাংলাদেশি প্রকৌশলী ফজলুর রহমান খান, যিনি বিশ্বব্যাপী এফ আর খান নামেই পরিচিত।
উল্লেখ্য, ২০১৪ সালে শিকাগোর আরেকটি সড়কের নাম হয় ‘অনারারি জিয়াউর রহমান ওয়ে’।