পাবনায় আধিপত্যের সংঘর্ষে গুলিবিদ্ধ পাঁচজন

পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের ইসলামপাড়া রঙ্গিলা মোড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন বলে পুলিশ জানায়।

ঈশ্বরদী থানার ওসি আসাদুর রহমান জানান, সোমবার সন্ধ্যা ছয়টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন মিজান খাঁ (২২), রিফাত (২৬), মহিদুল ইসলাম (২৫), রিসাদ (২৮) এবং রবিউল ইসলাম (২৬)।

আহতদের প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

স্থানীয়রা ও পুলিশ জানায়, আধিপত্য নিয়ে কাকন বাহিনী ও মেহেদী সমর্থকদের মধ্যে সন্ধ্যায় বাগবিতণ্ডা শুরু হয় এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার পর গুলি ছোড়া হয়। এতে পাঁচজন আহত হন।

পদ্মা নদীর পার্শ্ববর্তী এই এলাকায় বালু উত্তোলনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে, মাঝে মধ্যে এ ধরনের সংঘর্ষের ঘটনা ঘটে আসছে।

ওসি আসাদুর রহমান বলেন, ‘‘পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। সংঘর্ষ ও গুলির সঠিক কারণ তদন্ত করা হচ্ছে।’'

আইনশৃঙ্খলা বাহিনী অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালাচ্ছে।

All Categories