সিরিজ হারলেও তরুণদের নিয়ে আশাবাদী মিরাজ
সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কার কাছে ৯৯ রানে হেরে যায় বাংলাদেশ। পাল্লেকেলেতে এমন হারের মধ্য দিয়ে ২–১ ব্যবধানে সিরিজও হাতছাড়া করে টাইগাররা। ওয়ানডে অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজের স্থায়ী পথচলা শুরু হলো হতাশা দিয়ে।
তবে এই হারেও আশার আলো দেখছেন মিরাজ। ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে এসে তরুণদের প্রতি আস্থা রেখে তিনি বলেন, আমাদের দল এখনো তরুণ। কিছু খেলোয়াড় নতুন এসেছে। আমরা সব সময় ইতিবাচক দিকটাই ভাবি। সময় দরকার। যদি তাদের সুযোগ দেন, একদিন হয়তো তারা ভালো খেলবে।
এই সিরিজে ওয়ানডে অভিষেক হয়েছে পারভেজ হোসেন ও তানভীর ইসলামের। অন্যদিকে দলে ছিলেন অভিজ্ঞ তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও লিটন দাসের মতো ক্রিকেটার। নিজেও প্রায় এক দশক ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন মিরাজ। তবু ধারাবাহিকতা অধরাই রয়ে গেছে।
তৃতীয় ওয়ানডেতে লক্ষ্য ছিল ২৩৭ রান। ২০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ১০২/৩। সেখান থেকে ৮১ রানের ব্যবধানে গুটিয়ে যায় বাকি সাত উইকেট। ব্যর্থতার অন্যতম কারণ হিসেবে মাঝের ওভারে জুটি না গড়ে ওঠাকে দেখছেন মিরাজ।
তিনি বলেন, আমাদের কিছু ভুল হয়েছে। মাঝের ওভারগুলোতে জুটি গড়তে পারিনি। শুরুতেও হয়নি। এখানেই সমস্যা হয়েছে।
নিজে ২৮ রান করেন মিরাজ। জানান, তিনি ও তৌহিদ হৃদয় চেষ্টা করেছিলেন ম্যাচে ফিরতে। আমি ও হৃদয় আলোচনা করছিলাম, ইতিবাচক খেলতে হবে। সুযোগ পেলে জয়ের দিকেই যাব। শেষ ১০ ওভারে চেষ্টা করেছিলাম।
সিরিজ শেষে বাংলাদেশ শিবিরে স্বাভাবিকভাবেই হতাশা। তবে সেই হতাশার মাঝেও মিরাজের কণ্ঠে ভরসা রাখার বার্তা। তরুণদের সুযোগ দিয়ে সময় দিলে ফল আসবে বলেই বিশ্বাস তাঁর—‘সুযোগ দেন, একদিন হয়তো তারা ভালো খেলবে।