সিরিজ বাঁচাতে যে একাদশ নিয়ে নামতে পারে বাংলাদেশ

টেস্ট ও ওয়ানডে সিরিজে হারের পর টি টোয়েন্টি সিরিজেও ভালো সূচনা করতে পারেনি বাংলাদেশ। তিন ফরম্যাট মিলিয়ে হারের বৃত্ত ভাঙার চ্যালেঞ্জ নিয়েই আজ দ্বিতীয় টি টোয়েন্টিতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে টাইগাররা।

আজ রোববার (১৩ জুলাই) ডাম্বুলার রংগিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে জয় ছাড়া কোনো বিকল্প নেই লিটন দাসের দলের সামনে। প্রথম টি টোয়েন্টিতে ৭ উইকেটের বড় ব্যবধানে হারায় সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ হারলেই সিরিজ হাতছাড়া নিশ্চিত।

তবে টাইগার শিবিরে আছে ফর্ম নিয়ে চিন্তা। ব্যাট হাতে একেবারেই খুঁজে পাওয়া যাচ্ছে না অধিনায়ক লিটন দাসকে। প্রথম ম্যাচে ১১ বলে মাত্র ৬ রান করার আগে ওয়ানডে সিরিজেও ছিলেন নিষ্প্রভ। একাদশ থেকে বাদ পড়ার পরও আবার নেতৃত্বের ভার তার কাঁধে। অধিনায়কের বাজে ফর্ম নিয়ে অবশ্য ভেঙে পড়ছেন না কোচ ফিল সিমন্স।

ব্যাটিং লাইনআপে কিছুটা পরিবর্তনের আভাস মিলেছে। প্রথম ম্যাচে না খেলা উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক ফিরতে পারেন একাদশে। টপ অর্ডারে স্থিতি ফেরাতেই এমন পরিবর্তনের চিন্তা। বোলিংয়েও দেখা যেতে পারে রদবদল। ইনজুরি ফেরত পেসার তাসকিন আহমেদের জায়গায় দেখা যেতে পারে মুস্তাফিজুর রহমানকে।

পরিসংখ্যান কিছুটা সাহস জোগাতে পারে বাংলাদেশকে। শ্রীলঙ্কার মাটিতে এখন পর্যন্ত ছয়টি টি টোয়েন্টিতে তিনবার জিতেছে টাইগাররা। তবে সামগ্রিক পরিসংখ্যানে লঙ্কানদের দাপটই স্পষ্ট। দুই দলের ১৮ ম্যাচে বাংলাদেশের জয় মাত্র ৬টিতে।

আজ ডাম্বুলার মাঠে প্রথমবারের মতো টি টোয়েন্টি খেলবে বাংলাদেশ। অচেনা ভেন্যু, চাপে থাকা দল—সব মিলিয়ে সিরিজে টিকে থাকতে নতুন করে জ্বলে উঠতে হবে লিটনদের।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান।

All Categories