Jul 05, 2025
সিরিজ বাঁচাতে জয় ছাড়া কোনো বিকল্প নেই

সিরিজ বাঁচাতে জয় ছাড়া কোনো বিকল্প নেই

প্রথম ম্যাচে বাজেভাবে হেরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১–০তে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। আজ রোববার (৬ জুলাই) সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে মেহেদী হাসান মিরাজের দল। প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি। সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই সফরকারীদের।

প্রথম ওয়ানডেতে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে মাঠের পারফরম্যান্স ছিল একেবারেই বিপরীত। মাত্র ৫ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়ে ধসে পড়ে ব্যাটিং লাইনআপ। টানা ছয় ওয়ানডে হারের পর জয় পেতে মাঠে নামলেও এবার হারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাত ম্যাচে। এই প্রেক্ষাপটে আজকের ম্যাচটি হয়ে উঠেছে অলিখিত ফাইনাল।

ম্যাচের আগেই দলে এসেছে নতুন অনিশ্চয়তা। হঠাৎ ব্যক্তিগত কারণে লন্ডনে উড়াল দিয়েছেন প্রধান কোচ ফিল সিমন্স। আজ তার অনুপস্থিতিতে দলের দায়িত্বে থাকবেন সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দীন। সফরে যাওয়ার আগে সিমন্স ব্যাটারদের উদ্দেশে বার্তা দিয়ে গেছেন, উইকেটে সেট হয়ে বড় ইনিংস খেলতে হবে, হুট করে আউট হওয়া যাবে না।

গতকাল প্রেমাদাসা স্টেডিয়ামে অনুশীলন করেছে বাংলাদেশ দল। তবে সেখানে ছিলেন না লিটন দাস। বেশ কিছুদিন ধরেই ফর্মহীন এই ওপেনার গত আট ইনিংসে একবারও দুই অঙ্কের রান করতে পারেননি। অনুশীলনে না থাকায় আজকের ম্যাচে তার না খেলার সম্ভাবনা জোরালো।

অন্যদিকে জ্বরে আক্রান্ত হয়ে প্রথম ম্যাচ মিস করা রিশাদ হোসেন ফিরতে পারেন আজকের একাদশে।

বাংলাদেশ যখন চাপে, তখন আত্মবিশ্বাসে ভরপুর শ্রীলঙ্কা। প্রথম ম্যাচের জয় স্বাগতিকদের দিয়েছে বাড়তি আত্মবিশ্বাস। তবে প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছেন না শ্রীলঙ্কান কোচ সনাৎ জয়াসুরিয়া। তিনি বলেন, “প্রথম ম্যাচে বাংলাদেশকে চাপ দিয়েছিলাম, সেটাই ফল দিয়েছে। এবারও আমাদের সেরা খেলাটা খেলতে চাই।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ তামিম, পারভেজ ইমন, নাজমুল শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, মেহেদী মিরাজ, জাকের আলী, রিশাদ হোসেন, তানজিম সাকিব, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ: নিশান মাদুষ্কা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথা আশালঙ্কা, জানিথ লিয়ানাগে, মিলান রত্নায়েকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকসানা, ইশান মালিঙ্কা, আসিথা ফার্নান্দো।

All Categories