শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিবেশ সুরক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে শিশুদের ছোটবেলা থেকেই বৃক্ষরোপণের অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বুধবার (১৫ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচিরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ অনুষ্ঠানের আয়োজন করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। নতুন প্রজন্মকে প্রকৃতি ও পরিবেশের প্রতি দায়িত্বশীল হিসেবে গড়ে তুলতে শিক্ষাজীবনের শুরু থেকেই তাদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করতে হবে। প্রতিটি শিক্ষার্থী বছরে অন্তত একটি করে গাছ লাগালে দেশজুড়ে সবুজায়ন আরও বিস্তৃত হবে।
এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারের নির্বাচনি ইশতেহারের ১৭ ও ১৮ নম্বর অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে শিশুদের প্রতিভা ও মননশীলতার বিকাশে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ, কাবিং এবং বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা পর্যায় থেকে শুরু হয়ে ধাপে ধাপে এসব প্রতিযোগিতা জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হয়।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এসব প্রতিযোগিতায় দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ কোটি ১৮ লাখ ২৮ হাজার ৬৯৩ জন শিক্ষার্থী অংশ নেয়। বিভিন্ন ধাপ পেরিয়ে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষার্থীদের হাতে অনুষ্ঠানে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ তুলে দেওয়া হয়।
এ ছাড়া শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়েও সম্মাননা দেওয়া হয়। ব্যক্তি পর্যায়ে ১৫টি ক্যাটাগরিতে ১২ হাজার ৩৮৪ জন এবং প্রতিষ্ঠান পর্যায়ে দুটি ক্যাটাগরিতে ৬৫ হাজার ৫৪৬টি প্রতিষ্ঠানের মধ্য থেকে নির্বাচিত শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠান এ সম্মাননা লাভ করে।