সহিংসতার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান অন্তর্বর্তী সরকারের

সম্প্রতি সংগঠিত অগ্নিসংযোগ ও জানমাল ধ্বংসের সব ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে সব ধরনের সহিংসতার বিরুদ্ধে দৃঢ়ভাবে সতর্ক থাকার জন্য দেশের সব নাগরিকের প্রতি আহ্বান জানিয়েছে সরকার।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ কথা বলা হয়।

বিবৃতিতে বলা হয়, সরকারের পক্ষ থেকে বাংলাদেশের সব নাগরিককে আহ্বান জানানো হচ্ছে সংঘটিত সব ধরনের সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে সতর্ক থাকুন। সহিংসতা, ভীতি প্রদর্শন, অগ্নিসংযোগ এবং জানমাল ধ্বংসের যেকোনো কর্মকাণ্ড সরকার দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানায়।

এতে আরও বলা হয়, দেশের ইতিহাসের এই সংকটময় সময়ে বাংলাদেশ একটি ঐতিহাসিক গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে এগোচ্ছে। যারা বিশৃঙ্খলাকে পুঁজি করে এবং শান্তির পথকে উপেক্ষা করে, এমন অল্প কয়েকজনের কর্মকাণ্ডের কারণে এই অগ্রযাত্রা কোনোভাবেই ব্যাহত হতে দেওয়া হবে না।

অন্তর্বর্তী সরকার বিবৃতিতে উল্লেখ করে, আসন্ন নির্বাচন ও গণভোট কেবল রাজনৈতিক অনুশীলন নয়; এগুলো একটি গুরুতর জাতীয় অঙ্গীকার। এই অঙ্গীকার অবিচ্ছেদ্যভাবে যুক্ত সেই স্বপ্নের সঙ্গে, যার জন্য শহীদ শরীফ ওসমান হাদি তাঁর জীবন উৎসর্গ করেছেন। তাঁর আত্মত্যাগ ও স্মৃতির প্রতি যথাযথ সম্মান জানাতে হলে সংযম, দায়িত্বশীলতা এবং ঘৃণা প্রত্যাখ্যানের বিষয়ে অবিচল থাকতে হবে।

সাংবাদিকদের ওপর হামলার প্রসঙ্গ তুলে বিবৃতিতে বলা হয়, সাংবাদিকদের ওপর হামলা মানেই সত্যের ওপর হামলা। এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ন্যায়বিচার নিশ্চিত করার আশ্বাস দিয়েছে অন্তর্বর্তী সরকার।

All Categories