শেষ পর্যন্ত বিদেশ যেতে পারলেন না ‍আন্দালিব পার্থের স্ত্রী

বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর স্ত্রী শেখ শাইরা শারমিনকে বিদেশ যেতে বাধা দিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। রবিবার রাতে ব্যাংককের উদ্দেশে রওনা দেওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে থামিয়ে দেওয়া হয়। বিমানবন্দর কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়, স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অনুমতি ছাড়া তাঁর বিদেশ গমন সম্ভব নয়।

ব্যারিস্টার পার্থ জানিয়েছেন, স্ত্রী শেখ শাইরা শারমিন ও তাঁদের কন্যা চিকিৎসার জন্য ব্যাংকক যাচ্ছিলেন। কিন্তু ইমিগ্রেশন কর্তৃপক্ষ এসবির ‘ক্লিয়ারেন্স’ না থাকার কথা জানালে তাঁরা ফিরে আসেন। পার্থ বলেন, এসবি তাঁদের সিদ্ধান্ত জানানোর পর আমরা বাড়ি ফিরে এসেছি। আমাদের সঙ্গে কেউ খারাপ আচরণ করেনি।

বিষয়টি নিয়ে তিনি আরও বলেন, আমি আইনের মানুষ। আইনই আমার পেশা। যথাযথ প্রক্রিয়ায় অনুমতি নিয়েই আমার পরিবারের সদস্যরা বিদেশ যাবেন।

শেখ শাইরা শারমিন আওয়ামী লীগের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের মেয়ে। ধারণা করা হচ্ছে, রাজনৈতিক অঙ্গনের সাম্প্রতিক উত্তাপ এবং শেখ হেলালের পরিবারভুক্ত হওয়ায় তাঁর বিদেশ যাত্রায় জটিলতা সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, শেখ হেলাল নিজেও কিছুদিন আগে দেশ ছেড়েছেন।

সম্প্রতি সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের ঘটনাকে কেন্দ্র করে আলোচনার ঝড় ওঠে। এরপর থেকেই ইমিগ্রেশন নিয়ন্ত্রণ পুরোপুরি স্পেশাল ব্রাঞ্চের হাতে চলে গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

All Categories