শেষ ম্যাচেই কি বিদায় ধোনির? জল্পনায় অস্থির চেন্নাই শিবির
আইপিএলের ইতিহাসের অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস আজ মাঠে নামছে এবারের আসরে নিজেদের শেষ ম্যাচ খেলতে। কিন্তু এবারের আইপিএলটা চেন্নাইয়ের জন্য রঙহীন ও হতাশায় ভরা। পাঁচবারের চ্যাম্পিয়ন দলটি এবার যেন হারিয়ে খুঁজেছে নিজেদের, ১৩ ম্যাচে মাত্র ৩টি জয় নিয়ে তালিকার একেবারে তলানিতে।
আজ রাতেই আহমেদাবাদে টেবিল টপার গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হচ্ছে চেন্নাইয়ের হতাশাজনক অভিযান। তবে মাঠের ফলাফলের চেয়েও আলোচনায় এখন একটাই প্রশ্ন—এটাই কি মহেন্দ্র সিং ধোনির শেষ আইপিএল ম্যাচ?
৪৩ পেরিয়ে যাওয়া ধোনি এবার পুরো মৌসুম জুড়েই ছিলেন নিজের ছায়া হয়ে। গত মৌসুমে নিচের দিকে ব্যাট করে কিছু ঝলক দেখালেও এবার ব্যাটে-বলে তেমন কোনো প্রভাব রাখতে পারেননি। নিয়মিত অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় চোটে ছিটকে যাওয়ার পর ফের অধিনায়কত্বে ফেরা ধোনিও দলের ভাগ্য ফেরাতে পারেননি।
সব মিলিয়ে অবসরের গুঞ্জন ক্রমেই জোরালো হচ্ছে। ১৯৮৩ বিশ্বকাপজয়ী কৃষ্ণমাচারি শ্রীকান্ত সাফ বলেছেন, বাস্তবতা মেনে নেওয়া উচিত ধোনির।
২০০৮ সালে আইপিএলের প্রথম আসর থেকেই খেলা ধোনির বয়স আগামী আসরে হবে ৪৫ ছুঁইছুঁই। আইপিএলের বাইরে তিনি আর কোনো ঘরোয়া ক্রিকেট খেলেন না। ফলে আগামী মৌসুমে মাঠে দেখা যাবে কি না, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।
এই ম্যাচের আগে দলের পক্ষ থেকে গণমাধ্যমের সামনে এসে সহকারী কোচ শ্রীধরণ শ্রীরাম জানান, ধোনির ভবিষ্যৎ নিয়ে তারাও কিছু জানেন না। আমি খুব বেশি জানি না এ ব্যাপারে। সত্যিই জানি না কী হতে চলেছে, বলেন তিনি।
তিনি আরও জানান, এ বছর ব্যর্থতার দায় একক কোনো খেলোয়াড় বা বিভাগের নয়, পরিকল্পনাগুলো ঠিক মতো কাজে লাগাতে পারিনি আমরা। শুধু মিডল অর্ডার বা কোনও বিভাগের ব্যর্থতা নয়, গোটা দল হিসেবেই মৌসুমটা ভাল খেলতে পারিনি আমরা।
গণমাধ্যমে বরাবরই নীরব ধোনি এবারও নিজের সিদ্ধান্ত জানাবেন কি না, সেটি নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সময়েও ধোনি জানিয়েছিলেন ছোট্ট একটি ইনস্টাগ্রাম পোস্টে। তাই কেউ কেউ মনে করছেন, এবারও হয়তো কোনো ঘোষণা আসবে সোশ্যাল মিডিয়াতেই—নিঃশব্দে, ধোনিসুলভভাবে।
ধোনির বিদায়ের জল্পনার মধ্যেই চেন্নাইয়ের হতাশার মৌসুমের শেষ পৃষ্ঠাটি লেখা হবে আজ রাতে। সেই পৃষ্ঠায় থাকবে কি কোনো বিদায়ের ছাপ? অপেক্ষায় ক্রিকেট দুনিয়া।