সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়ল
বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব পদমর্যাদার কমিশন্ড কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আবারও ৬০ দিন বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে নতুন প্রজ্ঞাপন জারি করেছে যা আগামী ১৫ মার্চ থেকে কার্যকর হবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা সারা বাংলাদেশে প্রযোজ্য হবে। এই ক্ষমতা অনুযায়ী ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর বিভিন্ন ধারায় নির্ধারিত অপরাধসমূহের ওপর ব্যবস্থা গ্রহণের সুযোগ থাকবে। এতে উল্লেখযোগ্য ধারাগুলোর মধ্যে রয়েছে ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩, ১৪২ ধারা।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গত বছরের ১৭ সেপ্টেম্বর প্রথম সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়। এর কয়েকদিন পর ৩০ সেপ্টেম্বর থেকে এই ক্ষমতা দেওয়া হয় নৌ-বাহিনী ও বিমান বাহিনীর কর্মকর্তাদের। এরপর গত ১৫ নভেম্বর দেওয়া প্রজ্ঞাপনে এই ক্ষমতা ৬০ দিনের জন্য বাড়ানো হয়। ওই প্রজ্ঞাপনে কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে কর্মরত সামরিক কর্মকর্তাদেরও একই ক্ষমতা দেওয়া হয়।
এই পদক্ষেপের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনীর কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।