শেখ মুজিবকে 'স্বাধীনতার ঘোষক' দাবি, সরাইলের এসিল্যান্ডকে প্রত্যাহার
শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক দাবি করে স্বধীনতা দিবস উপলক্ষে ফেসবুক পোস্ট দেওয়া হয়েছিল ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) আইডি থেকে। এই ঘটনায় উপজেলা সহকারী কমিশনার সিরাজুম মুনিরা কায়ছানকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
যদিও অ্যাসিল্যান্ড পরবর্তীতে পোস্ট দিয়ে দাবি করেছেন লেখাটি তিনি লিখেননি। আইডিটি হ্যাক হয়েছিল। পরে আবার তিনি আইডি ফিরে পান।
পোস্ট দেওয়ার পর সরাইল অন্নদা উচ্চ বিদ্যালয়ের মাঠে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে উপস্থিত হয়ে বিএনপি নেতাকর্মীদের আক্রমণের শিকার হন সিরাজুম মুনিরা কায়ছান। পরে তিনি সেই স্থান ত্যাগ করেন। পোস্টটি প্রায় এক ঘণ্টা পর মুছে ফেলা হয় এবং নতুন একটি পোস্টে দাবি করা হয় যে, প্রথম পোস্টটি হ্যাক করা হয়েছিল এবং এটি তার নিজস্ব লেখা নয়।
এ বিষয়ে কথা বলতে গণমাধ্যম থেকে একাধিকবার কল দিলেও সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মুনিরা কায়ছান কল রিসিভ করেননি।
সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারফ হোসেন বলেন, অ্যাসিল্যান্ড দাবি করেছেন পোস্টটি তিনি লেখেননি এবং তার ফেসবুক আইডির পাসওয়ার্ড অনেকের কাছে ছিল। জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ছুটিতে পাঠানো হয়েছে। পাশাপাশি, বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ দিদারুল আলম জানান, অ্যাসিল্যান্ডের দাবি অনুযায়ী পোস্টটি তার লেখা নয় এবং এই বিষয়টি বিভাগীয়ভাবে তদন্ত করা হবে। তদন্তের ফলস্বরূপ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।