শেখ হাসিনার জন্মদিনের পোস্টের অভিযোগে এসএসসি পরীক্ষার্থী আটক

পাবনার সুজানগরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করে তা ফেসবুকে প্রচার করার অভিযোগে রবিন বিশ্বাস (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। তাকে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনার পর এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে আমিনপুর থানার রানীনগর ইউনিয়নের বিলগাজনা স্কুল অ্যান্ড কলেজ থেকে রবিনকে আটক করা হয়। তিনি ওই প্রতিষ্ঠানের দশম শ্রেণির শিক্ষার্থী এবং চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী। তার বাড়ি রানীনগর ইউনিয়নের বাদাই গ্রামে এবং বাবার নাম মো. গাজী বিশ্বাস।

পুলিশ, স্থানীয় বাসিন্দা ও শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়, সম্প্রতি রবিন শেখ হাসিনার জন্মদিন পালন করে তা ফেসবুকে প্রচার করে। বিষয়টি জানাজানি হলে বৃহস্পতিবার স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী বিদ্যালয়ে গিয়ে রবিনকে বের করে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু শিক্ষকরা তাদের বাধা দেন।

এর কিছুক্ষণ পর আমিনপুর থানা পুলিশ বিদ্যালয়ে যায় এবং ক্লাস শেষে রবিনকে আটক করে থানায় নিয়ে যায়।

আমিনপুর থানার ওসি হুমায়ুন কবির বলেন, রবিন নিজেই শেখ হাসিনার জন্মদিন পালন করে তা ফেসবুকে প্রচার করেছে। যথেষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে এবং পরে থানায় থাকা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

রবিনের পরিবারের পক্ষ থেকে পুলিশের বক্তব্যের বিষয়ে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।

All Categories