শেখ হাসিনার বিষয়ে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ ২৪ জুনের মধ্যে
জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৪ জুন পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রোববার (২০ এপ্রিল) প্রসিকিউশনের আবেদনের শুনানি শেষে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন।
এর আগে, মামলার অন্য আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদিন হাজির করা ১৯ জন আসামির মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা—আনিসুল হক, ফারুক খান, ডা. দীপু মনি, আব্দুর রাজ্জাক, শাজাহান খান, গোলাম দস্তগীর গাজী, আমির হোসেন আমু, কামরুল ইসলাম, রাশেদ খান মেনন এবং হাসানুল হক ইনু।
এ ছাড়া, হাজির করা হয় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী ও সালমান এফ রহমান, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও জুনায়েদ আহমেদ পলক, সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিম, আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলম, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানকে।
এর আগে, গত ১৮ ফেব্রুয়ারি প্রথমবারের মতো এই ১৯ জন আসামিকে হাজির করে প্রসিকিউশন। সেদিন শুনানি শেষে ২০ এপ্রিল দিন ধার্য করেছিলেন আদালত।