সচিবালয়ে নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান খাদ্যের মান যাচাইয়ে ব্যবহৃত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্যান) পরিদর্শন করেছেন। বুধবার (১৪ অক্টোবর) সকালে সচিবালয়ে নিজ দপ্তরে যাওয়ার আগে তিনি ভ্যানটি ঘুরে দেখেন।

মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরের নিচে রাখা ভ্যানটির ভেতরে গিয়ে খাদ্যের নমুনা সংগ্রহ ও পরীক্ষার পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা পরীক্ষাগারের কার্যক্রম তুলে ধরেন।

কর্মকর্তারা জানান, ভেজালবিরোধী অভিযানের অংশ হিসেবে দেশজুড়ে খাদ্যের নমুনা পরীক্ষা ও তদারকি জোরদার করা হয়েছে। বর্তমানে ৮টি মহানগর এলাকায় ভ্রাম্যমাণ পরীক্ষাগারের মাধ্যমে এ কাজ চলছে, যা পর্যায়ক্রমে ৬৪ জেলায় সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তত্ত্বাবধানে আলাদাভাবে এসব কার্যক্রম পরিচালিত হয়।

চলতি ২০২৬-২৭ অর্থবছরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের আওতায় ৭২টি ভ্রাম্যমাণ পরীক্ষাগার ভ্যান সংগ্রহের প্রক্রিয়া চলছে। জনসচেতনতা বাড়াতে ভ্যানের বাইরের দিকে বসানো মনিটরে নিরাপদ খাদ্যবিষয়ক ভিডিও প্রদর্শন করা হয়।

পরিদর্শনের সময় খাদ্যমন্ত্রী আফরোজা খানম, সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি, খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, জনপ্রশাসনসচিব কামরুজ্জামান চৌধুরীসহ খাদ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

All Categories