সচিবালয়ের বিভিন্ন দপ্তরে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

সচিবালয়ে নিজের দপ্তরে না গিয়ে বিভিন্ন মন্ত্রণালয় আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকাল ৯টার কিছুক্ষণ পর তিনি সচিবালয়ে প্রবেশ করেন। এরপর কোনো পূর্বনির্ধারিত কর্মসূচি ছাড়াই বিভিন্ন ভবনে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের কাজের খোঁজখবর নেন।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু) বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সকালে সচিবালয়ে আসার পর প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ বিভাগে নিজ দপ্তরে না গিয়ে সরাসরি হেঁটে ৬ নম্বর ভবনে যান। সেখানে তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় পরিদর্শন করেন এবং দায়িত্বরত কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কথা বলেন।

এরপর তিনি ওই ভবনের ষষ্ঠ তলা পর্যন্ত পর্যায়ক্রমে মৎস্য ও প্রাণিসম্পদ, পানিসম্পদ, মহিলা ও শিশুবিষয়ক এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেন। পরে তিনি ৫ নম্বর ভবনের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং ৩ নম্বর ভবনের বাণিজ্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পরিদর্শন করেন।

সচিবালয়ের বিভিন্ন ভবনে অবস্থিত অন্তত আটটি মন্ত্রণালয় আকস্মিক পরিদর্শন শেষে তিনি মন্ত্রিপরিষদ বিভাগে নিজ দপ্তরে ফিরে আসেন। আকস্মিক এই পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চাঞ্চল্য ও উৎসাহ দেখা যায়।

এদিকে অন্য দিনের মতো আজ রোববারও প্রধানমন্ত্রী তারেক রহমানের বেশ কিছু নির্ধারিত কর্মসূচি রয়েছে। সকালে তিনি ‘কৃষক কার্ড’ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করবেন।

সচিবালয়ে আয়োজিত এই সভায় স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন, অর্থ, কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশ নেওয়ার কথা রয়েছে।

All Categories