সব চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে মাগুরার আছিয়া
মাগুরায় ধর্ষণের শিকার আট বছর বয়সী শিশুটি বৃহস্পতিবার দুপুর ১টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। শিশুটির মৃত্যু নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
শিশুটির চিকিৎসা চলছিল সিএমএইচ-এর শিশু বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (পিআইসিইউ)। চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও বুধবার ও বৃহস্পতিবার একাধিকবার তার হৃৎস্পন্দন বন্ধ হয়ে যায় (কার্ডিয়াক অ্যারেস্ট)। তবে শেষ পর্যন্ত তার প্রাণ রক্ষা করা সম্ভব হয়নি।
৫ মার্চ মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে গভীর রাতে শিশুটিকে ধর্ষণের শিকার হতে হয়। প্রথমে তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয় তবে অবস্থার অবনতি ঘটলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেও কোনো উন্নতি না হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। তার অবস্থা আরও খারাপ হলে শুক্রবার রাতে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। এরপর ৮ মার্চ তাকে সিএমএইচ-এ স্থানান্তর করা হয় কিন্তু শেষ পর্যন্ত চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টার পরও শিশুটির প্রাণ বাঁচানো সম্ভব হয়নি।
ধর্ষণের ঘটনায় শিশুটির মা বাদী হয়ে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন শিশুটির ভগ্নিপতি সজিব (১৮) সজিবের ভাই রাতুল (১৭) তাদের বাবা হিটু মিয়া (৪২) এবং মা জাবেদা বেগম (৪০)। পুলিশ ঘটনার পর অভিযুক্তদের গ্রেপ্তার করেছে।
শিশুটির মৃত্যুতে বাংলাদেশ সেনাবাহিনী গভীর শোক প্রকাশ করেছে এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী জানিয়েছে, "সিএমএইচ-এর চিকিৎসকরা সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও শিশুটির জীবন বাঁচাতে পারেননি।" সেনাবাহিনী শিশুটির পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে।