সারাদেশে টানা বৃষ্টির আভাস আবহাওয়া অফিসের
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী তিনদিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, বজ্রপাত এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
২০ মার্চ, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রপাত হতে পারে। কিছু এলাকায় বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হওয়ার আশঙ্কাও রয়েছে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এই সময় দেশের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাবে, তবে রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
২১ মার্চ, শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু এলাকায় বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময় দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
২২ মার্চ, শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুরসহ পূর্বের মতোই বেশ কয়েকটি বিভাগে বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই দিন দেশের দিন এবং রাতের তাপমাত্রা আরও ১-২ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায় যে, আগামী পাঁচদিনের প্রথম দিকে সারা দেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।