সারা দেশে শিলাবৃষ্টির পূর্বাভাস
ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি ও বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১৯ মার্চ) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে, পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে। এর প্রভাবে আগামী তিন দিন দেশের বিভিন্ন স্থানে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
বুধবার (১৯ মার্চ): সাতটি বিভাগে দু-এক জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে দেশের অন্যান্য স্থানে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
বৃহস্পতিবার (২০ মার্চ): একই সাত বিভাগে ঝোড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি এবং বিক্ষিপ্ত শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যত্র আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এদিন রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে দিনের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন হবে না।
শুক্রবার (২১ মার্চ): শুক্রবার ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় ঝোড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্ত শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। সারা দেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী পাঁচ দিনের শেষের দিকে দেশের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।