সাকিব-রিশাদের দল লাহোর কালান্দার্স পিএসএল ফাইনালে
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) গুরুত্বপূর্ণ প্লে–অফ ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডকে ৯৫ রানের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট কেটে নিয়েছে লাহোর কালান্দার্স। ব্যাট হাতে সাকিব আল হাসান ব্যর্থ হলেও বল হাতে ঝলক দেখালেন তরুণ লেগস্পিনার রিশাদ হোসেন।
লাহোরের পক্ষে ৩ ওভারে ৩৪ রান খরচায় ৩টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে ইসলামাবাদের মিডল অর্ডার একাই ধসিয়ে দেন রিশাদ। এ ছাড়া অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি এবং সালমান মির্জা সমান ৩টি করে উইকেট নেন।
টসে জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০২ রান তোলে লাহোর কালান্দার্স। ইনিংসের শেষ ওভারে ব্যাটিংয়ে নামেন সাকিব আল হাসান, তবে দ্বিতীয় বলেই কোনো রান না করে ফিরতে হয় তাকে। রিশাদ শেষ দুই বলে করেন ৫ রান।
বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইসলামাবাদ ইউনাইটেড। শাহীন ও সালমানের দারুণ বোলিংয়ে পাওয়ার প্লের মধ্যেই মাত্র ৩৩ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দলটি। মাঝের ওভারে বল করতে আসেন সাকিব, কিন্তু ৩ ওভারে ২৭ রান দিয়ে উইকেটশূন্য থাকেন তিনি।
রিশাদ হোসেনের বোলিংয়ে ম্যাচের মোড় ঘুরে যায়। নিজের দ্বিতীয় ওভারে ভয়ংকর হয়ে ওঠা সালমান আলি আঘাকে ফিরিয়ে ব্রেকথ্রু এনে দেন। পরের ওভারে দুই ছক্কা হজম করলেও হাল ছাড়েননি রিশাদ। ওভারের দ্বিতীয় বলে শাদাব খানকে ও পঞ্চম বলে ফিরতি ক্যাচ নিয়ে ফেরান জিমি নিশামকে।
শেষদিকে শাহীন আফ্রিদি নিজের দ্বিতীয় স্পেলে এসে ৩.১ ওভারে মাত্র ৩ রান দিয়ে শেষ ২ উইকেট তুলে নিয়ে ইসলামাবাদকে ১০৭ রানেই গুটিয়ে দেন। রিশাদ, আফ্রিদি ও সালমান—এই তিনজনই নেন সমান ৩টি করে উইকেট।
দুর্দান্ত এই জয়ে লাহোর কালান্দার্স আবারও জায়গা করে নিয়েছে পিএসএলের ফাইনালে, যেখানে তাদের লক্ষ্য এবার শিরোপা পুনরুদ্ধার।