সাইবার নিরাপত্তা আইনের ৯টি ধারা বাতিল, বাতিল হবে ৯৫ শতাংশ মামলা: আসিফ নজরুল

সাইবার নিরাপত্তা আইনের ৯টি ধারা বাতিল করায় এই আইনের আওতায় হওয়া প্রায় ৯৫ শতাংশ মামলাই বাতিল হয়ে যাবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

মঙ্গলবার (৬ মে) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এর আগে সকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’সহ তিনটি অধ্যাদেশ এবং কয়েকটি নীতিমালার অনুমোদন দেওয়া হয়।

আসিফ নজরুল বলেন, সাইবার নিরাপত্তা আইনের ৯টি ধারাতেই ৯৫ শতাংশ মামলা হয়েছে। ফলে এই ধারা বাতিল হওয়ায় সেই মামলা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। নতুন অধ্যাদেশের গেজেট যেদিন প্রকাশিত হবে, সেদিন থেকেই এটি কার্যকর হবে।

তিনি জানান, নতুন অধ্যাদেশে মতপ্রকাশের স্বাধীনতাকে গুরুত্ব দিয়ে সংশোধন আনা হয়েছে। কথা বলা বা মতপ্রকাশের কারণে কেউ অভিযুক্ত হলে এখন থেকে সেই মামলাগুলো জামিনযোগ্য হবে। আগে এসব ক্ষেত্রে জামিন পাওয়া যেত না।

আইনের শাস্তি সংক্রান্ত বিষয়ে এক প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, সাইবার সুরক্ষা অধ্যাদেশে সর্বোচ্চ শাস্তি কমিয়ে দুই বছর করা হয়েছে। তবে কেউ মিথ্যা মামলা করলে, তার শাস্তি বাড়ানো হয়েছে।

প্রসঙ্গত, ২০২৩ সালের সাইবার নিরাপত্তা আইন বাতিল করে অন্তর্বর্তী সরকার ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ প্রণয়ন করেছে।

All Categories